গাজীপুরে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফন্ট সাইজ:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মহাসড়কের ভবানীপুর এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে বাঘের বাজার ও মেম্বার বাড়ি এলাকায় মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা ভেঙে দেয়া হয়।

অভিযানে মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী স্থাপনা সরিয়ে দেয়া হয়। এতে সড়কের জায়গা দখলমুক্ত করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনার ঝুঁকি কমানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) লিপি রানী সিনহা, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান ও জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।