সংস্কার চলবে থামানোর কোনো পরিকল্পনা নেই

সংস্কার চলবে থামানোর কোনো পরিকল্পনা নেই

ফন্ট সাইজ:

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া সংস্কার কার্যক্রম চলমান থাকবে- এই গতি থামবে না। বিশেষ করে পাঁচ ব্যাংক একীভূতকরণসহ ব্যাংক খাতে চলমান সব সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।

রোববার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সৌজন্য সাক্ষাতের সময় এসব দিকনির্দেশনা দেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। এবিবি’র চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনের নেতৃত্বে ১৯টি ব্যাংকের প্রধান নির্বাহী রোববারের বৈঠকে অংশ নেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালকসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংস্কার চলমান রাখার বিষয়ে গভর্নরের এই বার্তার মাধ্যমে বেসরকারি খাতের এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূতকরণ নিয়ে অনেকেই যে ধোঁয়াশা তৈরির চেষ্টা করছে তা পরিষ্কার করেছেন বলে মনে করেন উপস্থিত সংশ্লিষ্টরা।

বৈঠক সূত্র জানায়, গভর্নর বলেছেন- যেসব ব্যাংক একীভূত (মার্জ) করা হয়েছে সেগুলো একীভূতই থাকবে। কারণ ব্যাংক খাত নিয়ে আমানতকারীদের যে আস্থার সংকট চলছে, তা কাটাতে হবে। একই সঙ্গে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের জন্য নীতি সহায়তা দেয়া হবে। আর এ জন্য রাজনৈতিক পট পরিবর্তনে বন্ধ হওয়া কারখানা সচল ও সিএমএসএমই খাতে অর্থায়ন নিশ্চিতে জোর দিতে হবে।

বৈঠকের আলোচনায় বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। নতুন গভর্নর নিয়োগকে কেউ কেউ নেতিবাচক হিসেবে দেখছেন বলেও তারা উল্লেখ করেন। আলোচনায় গভর্নর বলেন, অস্থিরতার কিছু নাই। সব কার্যক্রম আগের মতোই চলবে। ৫ই আগস্টের পর যেসব ব্যাংকে পর্ষদ পুনর্গঠিত করা হয়েছে, সেগুলোর বোর্ড ভেঙে দেয়া হবে না। বৈঠক সূত্র জানায়, বৈঠকে সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের ভূয়সী প্রশংসা করেন মোস্তাকুর রহমান। তবে মিডিয়াতে তার কিছু বক্তব্য ব্যাংক খাতের জন্য নেতিবাচক বার্তা দিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, আমি সেই পথে হাঁটবো না। এ ছাড়া বৈঠকে সুদ হার কমানোর কথা বলেন নতুন গভর্নর। তবে এমডিরা এমন সিদ্ধান্ত নেয়ার আগে আরও বিবেচনা করা এবং প্রয়োজনে আরও সময় নিয়ে করা যেতে পারে বলে মত দেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ব্যাংকের এমডিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গভর্নর বার্তা দিয়েছেন। এ ছাড়া কর্মসংস্থান তৈরির জন্য কেন্দ্রীয় ব্যাংকের দিক থেকে নীতি সহায়তার কথা বলেছেন। ব্যাংকগুলোকে এক্ষেত্রে এগিয়ে আসার জন্য বলেছেন। আর শাখা খোলার সময় ভাড়া নির্ধারণে অঞ্চলভিত্তিক একটি রেট ঠিক করে দেয়া হবে। নির্ধারিত ভাড়ার মধ্যে থাকলে ব্যাংকগুলোকে এ জন্য আর কেন্দ্রীয় ব্যাংকে আসতে হবে না। এ ছাড়া অঞ্চলভিত্তিক সিএমএসএমই পণ্যে অর্থায়ন সমস্যা দূর করার মাধ্যমে ব্রান্ডিং করতে বলেছেন। বৈঠকের পর মাসরুর আরেফিন জানান, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর বোর্ড পুনর্গঠনসহ ব্যাংকিং খাতের চলমান সংস্কার কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলবে। নতুন গভর্নর কোনো রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করবেন না বলে তাদের আশ্বস্ত করেছেন। ঋণ বিতরণ বা সুশাসন সংক্রান্ত বিষয়ে এমডিরা যদি রাজনৈতিক হস্তক্ষেপের সম্মুখীন হন, তবে সরাসরি তাকে জানাতে বলেছেন। গভর্নর বিদেশি প্রতিনিধি এবং ঋণদাতাদের জন্য চলতি বছর কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে একটি ‘বাংলাদেশ ডে’ আয়োজনের ধারণা দিয়েছেন। মাসরুর আরও জানান, গভর্নর ‘একটি গ্রাম, একটি পণ্য’ উদ্যোগের বিষয়ে কথা বলেছেন। এক্ষেত্রে উদাহরণ হিসেবে কীভাবে ব্যাংকগুলো অষ্টগ্রামের বিখ্যাত পনিরকে বিশ্ববাজারে পৌঁছাতে সাহায্য করতে পারে। এভাবে জেলাওয়ারি এবং গ্রামওয়ারি অন্যান্য পণ্যের ক্ষেত্রেও এটি করা সম্ভব।

ভিক্ষু শীলানন্দ

৩ মাস আগে

সংস্কার করা ভালো কিন্তু সাধারণ গ্রাহকেরা যেন হয়রানী না হয় বিগত বিদায়ী সরকারের সময় দেওয়া সংস্কার সাধারণ গ্রাহকেরা যে হয়রানী শিকার হয়েছে অনেকেই।

আমান

৩ মাস আগে

সংস্কার চলবে থামানোর কোনো পরিকল্পনা নেই :
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া সংস্কার কার্যক্রম চলমান থাকবে- এই গতি থামবে না। বিশেষ করে পাঁচ ব্যাংক একীভূতকরণসহ ব্যাংক খাতে চলমান সব সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।মৌখিক আদেশে বাংলাদেশে লোন হয়,আজব এক দেশ।

মন্তব্য করুন