দেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে

দেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে

ফন্ট সাইজ:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি ও নারী নির্যাতনের উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন,
দেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে।

গতকাল সংসদ অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণীয় নোটিশ উত্থাপনকালে এসব কথা বলেন তিনি। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বক্তব্যের শুরুতেই ওই মুহূর্তে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতির বিষয়টি তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন ভেবেছিলাম। কিন্তু সামনে তাকিয়ে দেখলাম তার আসনটি খালি। অর্থাৎ তিনি উপস্থিত নেই। কী আর করা, তার অনুপস্থিতিতেই বলি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে রুমিন ফারহানা দাবি করেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশে অপরাধের গ্রাফ আশঙ্কাজনকভাবে বেড়েছে। টিআইবি’র তথ্যানুযায়ী, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর ১২৯টি হামলা এবং ২ হাজার ২১৪টি চুরির ঘটনা ঘটেছে।

নারী ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৯৬টি। ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন নারী। গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন। আর ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন। এই পরিসংখ্যানই বলে দেয় গত তিন মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতোটা ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে।

সরকারের সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, সরকারের সামগ্রিক সফলতা বা ব্যর্থতার বড় অংশ নির্ভর করে অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর। এই সরকারের অর্থনীতি এবং আইনশৃঙ্খলা, এই দু’টি বিষয়ের ওপরই সরকারের ৫০ শতাংশ সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে। বাকি ৫০ শতাংশ অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত। স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি থাকলে তার দায়িত্ব ও জবাবদিহির বিষয়টি আরও সরাসরি তুলে ধরা যেত বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, সরকারের সফলতার বড় অংশই মূলত অর্থ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর নির্ভরশীল।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন