সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১ হাজার ১৮৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গে রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬২৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশ জুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৯২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ৮০ হাজার ১০৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৯ হাজার ৭৭৯ জনের হাম শনাক্ত হয়েছে।
