ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে নিয়ে পরপর দুই দিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গে ৭০ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২২ শিশু ভর্তি হয়েছে। এই সময়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৫ শিশু। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৬ শিশু।
গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে হামের উপসর্গ নিয়ে ৩ হাজার ৪৬১ শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫ শিশু। এই সময় মোট মৃত্যু হয়েছে ৭০ শিশুর।
হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন ডা. মাইন উদ্দিন বলেন, দুই দিনে দুই শিশুর মৃত্যু হয়েছে, একজন ৫ মাস বয়সী ছেলে শিশু ও ৭ মাস বয়সী মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ মাস বয়সী শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়। এর আগের ২৪ ঘণ্টায় ৭ মাস বয়সী এক মেয়ে শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি জেলার সদর উপজেলায়।
তিনি বলেন, হামের প্রকোপ কমছে না। নিয়মিত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু ভর্তি হচ্ছে, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরছে। হাসপাতালে এখনো কোন আইসিইউ স্থাপন হয়নি বলেও জানান তিনি।
