ব্রাজিলিয়ান সিরি আতে সান্তোসের কাছে ৩-০ গোলে হার দেখেছে ভাস্কোর দা গামা। তবে বড় পরাজয়ের ম্যাচটি ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে নেইমার ও থিয়াগো মেন্দেসের মধ্যকার পুরনো বিরোধ। ম্যাচ শেষে নেইমারের হ্যান্ডশেক বা হাত মেলানোর প্রস্তাব ফিরিয়ে দিয়ে ছয় বছরের পুরোনো সেই তিক্ততা আবারও মনে করিয়ে দিয়েছেন মিডফিল্ডার মেন্দেস।
এই দুই তারকার দ্বন্দ্বের সূত্রপাত ২০২০ সালে, ফরাসি লীগ ওয়ানে পিএসজি ও লিঁওর মধ্যকার এক ম্যাচে। সেই ম্যাচে স্বদেশি মহাতারকা নেইমারকে এক মারাত্মক ট্যাকল করেন মেন্দেস। এর ফলে লাল কার্ড দেখতে হয় তাকে। ওই চোটে নেইমারের বাঁ গোড়ালি মচকে যায়। যদিও ম্যাচ শেষে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন মেন্দেস। তবুও নেইমারের বাবা ক্ষোভ প্রকাশ করে দাবি করেন যে, যে ওই ধরনের ‘দায়িত্বজ্ঞানহীন ও হিংস্র ট্যাকল’ খেলোয়াড়দের নিরাপদ খেলার পরিবেশ নষ্ট করে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রাজিলিয়ান ফুটবলে আবারো মুখোমুখি হন মেন্দেস ও নেইমার। ম্যাচে এক ফাউলকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্যবিনিময় হয় দুজনের মধ্যে। মেন্দেসের ছোঁয়ায় নেইমার মাঠে পড়ে গেলে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। দুজনেই হলুদ কার্ড দেখেন এবং বিরতির সময়ও সেই পুরনো চোটের কথা তুলে মেন্দেসকে তিরস্কার করেন নেইমার।
স্পোরটিভি-কে দেয়া সাক্ষাৎকারে নেইমার মেন্দেসকে ‘বোকা’ বলে অভিহিত করে বলেন, ‘সে সবসময়ই ঝামেলা তৈরি করতে চায়, সবসময় নিজেকে কঠিন প্রমাণ করতে চায়। তার স্বভাবই এমন। সে পিএসজিতে খেলার সময় আমাকে যেভাবে চোটে ফেলেছিল, আমি সেটাই মনে করিয়ে দিয়েছি। সে ম্যাচে আবারো আমাকে হুমকি দিয়েছে।’
ম্যাচটি কেবল সান্তোসের জয় নয়, বরং এই দুই পুরোনো প্রতিদ্বন্দ্বীর মধ্যকার স্নায়ুর লড়াইকে কেন্দ্র করেই এখন ফুটবল বিশ্বে আলোচনার ঝড় তুলেছে। পুরো ম্যাচজুড়েই ভাস্কো দা গামার সমর্থকদের কাছ থেকে নানা উসকানি সহ্য করে যেতে হয় নেইমারকে।
