টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পাস করার আনন্দে মিষ্টি ক্রয় না করে সেই টাকা উপহার দিলো ক্যান্সারে আক্রান্ত সহপাঠীর মায়ের চিকিৎসার জন্য। রোববার সকালে ওই সহপাঠীর দাদা সাত্তার সিকদারের হাতে সেই টাকা তুলে দিয়েছে উপজেলার কালিদাস গ্রামের কলতান বিদ্যানিকেতনের ২০২৬ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ওই স্কুলের কোমলমতি শিক্ষার্থী এবং শিক্ষকরাও অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন বলে জানায় ওই স্কুলের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল।
খোঁজ নিয়ে জানা যায়, এসএসসি পরীক্ষার রেজাল্টের ২-৩ দিন আগে নাঈম শিকদারের মায়ের শরীরে ক্যান্সারের জীবাণু শনাক্ত হয়। এ রোগের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। অর্থনৈতিকভাবে অসচ্ছল নাঈমের পরিবার দিশাহারা হয়ে পড়েন। এ সংবাদে নাঈমের সহপাঠীরা সিদ্ধান্ত নেয় এসএসসি পাসের আনন্দে মিষ্টিমুখ না করে অসুস্থ মায়ের মুখে হাসি ফোটাবো। নাঈম সিকদারের মা বর্তমানে এনায়েতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানায় তার পরিবার।
স্কুল কর্তৃপক্ষ জানায়, পাস করা শিক্ষার্থীরা ২০ হাজার টাকা আর অন্যান্য শিক্ষার্থী এবং শিক্ষকরা ২০ হাজার টাকা, মোট ৪০ হাজার টাকা নাঈমের মায়ের চিকিৎসার জন্য দেয়া হয়েছে। আমাদের মাধ্যমে আরও কেউ সহযোগিতা করলে তা পৌঁছে দেয়া হবে। এসএসসি পাস করা ইমরান, জাহিদ ও আপন জানায়, পাস করার আনন্দে মিষ্টিমুখ করার চেয়ে সহপাঠীর মায়ের পাশে দাঁড়াতে পেরে আমরা বেশি আনন্দিত। কলতান বিদ্যানিকেতনে কারিগরি ভোকেশনাল শাখা থেকে এ বছর এসএসসিতে জিপিএ ৪.৮২ পাওয়া নাঈম সিকদার বলেন, আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সেই সঙ্গে আমার মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমার সহপাঠী, শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কলতান বিদ্যানিকেতনের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, শিক্ষার্থীর এমন মানবিক উদ্যোগ দেখে আমি আনন্দে আবেগ আপ্লুত হয়েছি। আমি নাঈমের মায়ের জন্য এবং শিক্ষার্থীদের জন্য দোয়া চাই।
