ভারতের স্বাধীনতা দিবসে ‘দেশু’ প্রেমীদের জন্য এলো বড় চমক। প্রকাশ্যে এসেছে দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ‘দেশু ৭’ এর নতুন পোস্টার। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ফের আলোচনায় তাদের রসায়ন। একসময় টলিউডের অন্যতম আলোচিত অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটি ছিলেন দেব-শুভশ্রী। নতুন পোস্টারে সেই পুরনো রসায়নেরই যেন ঝলক দেখা গেল। পাহাড়ি লাদাখের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে ক্রুজার বাইকের ওপর দেব ও শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্ত নজর কেড়েছে দর্শকদের।
পোস্টারে শুভশ্রীর বুকে মাথা রেখে তাকে জড়িয়ে থাকতে দেখা গেছে দেবকে। অন্যদিকে শুভশ্রীও আলতো করে আগলে রেখেছেন তাকে। দুজনের এই আবেগঘন মুহূর্তে ফুটে উঠেছে ভালোবাসা ও রোমান্সের আবহ। শুভশ্রীর পরনে থাই স্লিট গাউন, আর তার সঙ্গে লেদার জ্যাকেট; বিপরীতে লেদার জ্যাকেট ও জিনসে দেখা গেছে দেবকে।
পোস্টারটি প্রকাশ করে শুভশ্রী লিখেছেন, যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা, তাঁদের চোখে ভালোবাসা, শিরায় আগুন। রোমান্স আর অ্যাকশনের নতুন চ্যাপ্টারের জন্য তৈরি থাকুন। ‘দেশু ৭’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে দেবের। সিনেমাটি চলতি বছরের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
