ইতিহাস! প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জয় তুলে নিলো বাংলাদেশ। অজিদের দেয়া স্রেফ ৫৭ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেললো টাইগাররা। অল্প রান তাড়ায় শুরুতেই রানের খাতা না খুলে ফিরে যান তানজিদ হাসান তামিম। মুমিনুল হক ও সাদমান ইসলামের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে শ্রীলঙ্কা কখনোই টেস্টে জয়ের মুখ দেখেনি, পাকিস্তান সবশেষ জেতে ১৯৯৫তে।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ইতি টানেন মেহেদী হাসান মিরাজ। ২০১৯ সালে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সফরকারী স্পিনার হিসেবে ৫ উইকেট তুলে নেন এ টাইগার ক্রিকেটার। ২৮৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। ৩ উইকেট নেন আগের ইনিংসে ৬ উইকেট নেয়া হাসান মাহমুদ। ডারউইনে ইতিহাস গড়তে বাংলাদেশ লক্ষ্য পায় ৫৭ রানের। এর আগে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন ক্যামেরন গ্রিন (১০৪)।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ থামে ৪২৬ রানে, লিড পায় ২২৮ রানের। দারুণ এক সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান তামিম (১০১)। ৮৪ রান আসে অধিনায়ক নাজমুল হাসান শান্তর ব্যাট থেকে। ৬৫ ও ৪৯ রান করেন যথাক্রমে মিরাজ ও মুমিনুল। অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট নেন জশ হ্যাজেলউড।
নিজেদের প্রথম ইনিংসে হাসান মাহমুদের তোপে একে একে সাজঘরে ফিরে যান স্বাগতিক দলের ব্যাটাররা। ৬ উইকেট তুলে নেন এ টাইগার পেসার। ২টি করে নেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন স্টিভেন স্মিথ। আর কেউ ২৫ রানও করতে পারেননি।
দুই ইনিংসে মোট ৯ উইকেট নেয়া হাসান মাহমুদ ম্যাচসেরা।
