দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হার। ব্যাটিংয়ে ব্যর্থতা, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানো এবং প্রতিপক্ষের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারার পুরোনো সমস্যাগুলো আবারও সামনে এসেছে। তবে এমন হতাশাজনক হারের পরও অতীত নিয়ে পড়ে থাকতে চান না বাংলাদেশের ক্রিকেটাররা। বরং প্রথম টেস্ট থেকে পাওয়া ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় পেসার খালেদ আহমেদের।
সেঞ্চুরিয়নে আগামীকাল শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই ম্যাচ সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম টেস্টের ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে প্রস্তুতি নেয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কীভাবে আরও ভালো ক্রিকেট খেলা যায়, তা নিয়েও কাজ করছেন ক্রিকেটাররা। দলের অনুশীলনের খবর জানিয়ে পাঠানো ভিডিও বার্তায় এমন আশার কথাই শুনিয়েছেন পেসার খালেদ আহমেদ। খালেদ মনে করেন, প্রথম টেস্টের ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করে লাভ নেই। বরং সামনে তাকিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই ওভারকাম করার চেষ্টা করছে। প্র্যাকটিসও ভালো হচ্ছে। আমার মনে হয়, যেটা চলে গেছে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা কীভাবে সামনে এগোবো, সেটাই সবাই ভাবছি।’ প্রথম টেস্টে ৯ উইকেটের হার নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় ধাক্কা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেট ও প্রতিপক্ষের পেস আক্রমণের সামনে বাংলাদেশের ব্যাটারদের সংগ্রাম নতুন করে প্রশ্ন তুলেছে। তবে দলের বিশ্বাস, প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরের ম্যাচে আরও ভালোভাবে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব। এ জন্য দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলার কৌশল নিয়েও আলোচনা চলছে দলের ভেতরে।
এ ক্ষেত্রে দলের সঙ্গে থাকা দুই দক্ষিণ আফ্রিকান কোচের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান ক্রিকেটাররা। ব্যাটিং কোচ ও সহকারী কোচের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে বলে জানিয়ে খালেদ বলেন ‘এই কন্ডিশনে আমরা কীভাবে খেলবো, তা নিয়ে দুই দক্ষিণ আফ্রিকান কোচের (ব্যাটিং কোচ ও সহকারী কোচ) সঙ্গে আলোচনা করছি। কোচ ও অধিনায়কের বার্তা ছিল—যা চলে গেছে, তা নিয়ে চিন্তা না করে কীভাবে সামনে এগোনো যায়, ভালো ক্রিকেট খেলা যায়, সেদিকে মনোযোগ দিতে হবে।’ প্রথম টেস্টের ফল একপাশে রাখলে ম্যাচের প্রথম তিন দিন বাংলাদেশের পারফরম্যান্সে কিছু ইতিবাচক দিকও দেখছেন খালেদ। তার মতে, কয়েকটি ভুলের কারণে জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে। তবে সেই ভুলগুলোকে বড় করে না দেখে ভালো দিকগুলো ধরে রাখাই এখন জরুরি। তিনি বলেন, ‘আমরা তিন দিন খুবই ভালো ক্রিকেট খেলেছি। হয়তো কিছু ভুলের কারণে ম্যাচটা জিততে পারিনি। তবে এখান থেকে অনেক ইতিবাচক দিক নেয়ার চেষ্টা করছি। আমাদের যেসব ইতিবাচক দিক আছে, সেগুলো নিয়েই এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে টিম ম্যানেজমেন্ট।’ প্রথম টেস্টের ভুল থেকে শিক্ষা নিয়ে শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ এখন বাংলাদেশের সামনে। সিরিজের শেষ টেস্টে জয় না পেলেও অন্তত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে সফর শেষ করতে চায় দল। তাই অতীতের হতাশা ঝেড়ে ফেলে সেঞ্চুরিয়নে নতুন শুরুর অপেক্ষায় টাইগাররা।
