বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জমা পড়া মনোনয়নপত্রের বাছাই শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ইসির কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে শুরু হয়। বাছাইয়ে ১১ দলীয় জোট থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসি জানিয়েছে, ১২টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ইসি। এরপর বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকাল ৪টার মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
ইসি সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্মকর্তা মনোনয়নপত্রগুলো পরীক্ষা করবেন। মনোনয়নপত্রে সংসদ সদস্যদের প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ প্রয়োজনীয় বিষয় যাচাই করা হবে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তফসিল অনুযায়ী, ২০ আগস্ট ভোটের মাধ্যমে দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
