বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে মশাল মিছিল

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে মশাল মিছিল

ফন্ট সাইজ:

বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুর নেতৃত্বে রাতের আধারে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১৯ তারিখের কথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই মিছিল বের করে বলে দাবি করা হচ্ছে। তবে মিছিলটি শাজাহানপুর উপজেলায় অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে একদল নেতাকর্মী হাতে মশাল নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন। ভিডিওতে শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুকে মিছিলের সামনের সারিতে প্রকাশ্যে নেতৃত্ব দিতে দেখা গেছে। মিছিলকারীরা ‘শাজাহানপুর উপজেলা’ উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিলেও ভিডিওর দৃশ্যপট দেখে এটি ঠিক কোন এলাকায় ধারণ করা হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের মধ্যেও মিছিলের সঠিক স্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিলে এ ব্যাপারে মানবজমিনের সাথে কথা বলেন বগুড়ার শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল। তিনি ভিডিওতে শাজাহানপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি রঞ্জুর উপস্থিতির বিষয়টি স্বীকার করলেও মিছিলের স্থান নিয়ে ভিন্ন তথ্য দেন।

ওসি আশিক ইকবাল জানান, ছড়িয়ে পড়া ভিডিওটিতে রঞ্জুকে দেখা গেলেও মিছিলটি শাজাহানপুর উপজেলা সীমানার ভেতরে হয়নি। ভিডিওতে যে সড়কটি দেখা যাচ্ছে, সেটি শাজাহানপুর উপজেলার কোনো রাস্তা নয়। তার মতে, উপজেলার বাইরে অন্য কোনো এলাকায় এই মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। রাতের অন্ধকারের কারণে ভিডিও দেখে সড়কটির সঠিক অবস্থান নিশ্চিতভাবে বলা সম্ভব না হলেও এটি যে শাজাহানপুরের বাইরে, সে বিষয়ে পুলিশ নিশ্চিত।

উল্লেখ্য, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রকাশ্যে তাদের কোনো কর্মসূচি দেখা যায় না। এমন পরিস্থিতিতে রাতের আঁধারে মশাল মিছিলের এই ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।