প্রক্টর অফিস ঘেরাও ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

প্রক্টর অফিস ঘেরাও ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রক্টর অফিস ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্যরা। তারা প্রশাসনের গাফিলতির 
অভিযোগ তুলে ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার আলটিমেটাম দেন।

শনিবার দুপুর ১টার দিকে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নেন ডাকসু’র নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পরে ডাকসু’র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রক্টর বলেন, পোস্টার কখন লাগানো হয়েছে তা জানা গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া যেত। সিকিউরিটি অফিসারকে দারোয়ানদের পরিচয় যাচাইয়ের নির্দেশ দিয়েছি। এস্টেট অফিসকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও বলেন, চারুকলা, কার্জন হল, কলাভবনসহ বিভিন্ন স্থানে নিরাপত্তাকর্মী থাকার পরও কীভাবে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রভোস্ট ও এস্টেট অফিসকে তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।
ডাকসু নেতাদের সঙ্গে প্রক্টরের বাদানুবাদ হয়। এসময় ডাকসু নেতারা প্রক্টরের ব্যবস্থা না নেয়াকে ছাত্রলীগের কর্মকাণ্ডের জন্য দায়ী করেন। প্রক্টরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডাকসু’র সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, নিষিদ্ধ সংগঠনটি এর আগেও বিভিন্ন সময়ে ক্যাম্পাসে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে। প্রশাসনের শৈথিল্যের কারণেই তারা বারবার এমন সাহস পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, যারা অতীতে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত, তারা কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে ক্যাম্পাসে পোস্টার লাগায়? ২৪ ঘণ্টার মধ্যে ফুটেজ যাচাই করে দায়ীদের শনাক্তের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।
এসময় দেশের সামপ্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান এবি জুবায়ের। পাবনা, নরসিংদী ও রামপুরায় নারী ও শিশু নির্যাতন ও হত্যার ঘটনার নিন্দা জানিয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের দাবিও জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন