রোনালদোর বিয়ের গুঞ্জনে বিপাকে অন্য এক দম্পতি

ফন্ট সাইজ:

ক্রিস্টিয়ানো রোনালদোর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের কারণে পর্তুগালের মাদেইরা দ্বীপে এক অন্যরকম হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ বিয়ে করছেন- এমন গুঞ্জনে শত শত ভক্ত ও সাংবাদিক দেশটির ফুঞ্চাল শহরের একটি ক্যাথেড্রালের সামনে ভিড় জমান। তবে তারকা এই জুটির বদলে সেই চার্চে উপস্থিত হয়ে চরম বিপাকে পড়েন নিকোল ও ফ্যাবিও নামের সম্পূর্ণ ভিন্ন এক সাধারণ দম্পতি।

পর্তুগিজ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত শনিবার মাদেইরার ঐতিহাসিক সেই ক্যাথেড্রালে রোনালদোর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পরিবারের পক্ষ থেকে এই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া হলেও তাতে কর্ণপাত করেননি ভক্তরা। ফলে বিয়ের নির্দিষ্ট সময়ে যখন কনে নিকোল গাড়ি থেকে নামেন, তখন চারপাশের বিশাল জনস্রোত দেখে সবাই অবাক হয়ে যান। চার্চের ভেতরে তখন কেবল নিজ বর ফ্যাবিওর জন্য অপেক্ষা করছিলেন সেই কনে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভক্ত ও পর্যটকদের ক্যামেরার ফ্ল্যাশ এবং হট্টগোলের মধ্যে কনের চার্চে প্রবেশ করা রীতিমত দুরূহ হয়ে পড়ে। পরে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখে, ‘নিকোল ও ফ্যাবিও দম্পতিকে অভিনন্দন।

রাস্তায় প্রচুর সাংবাদিক এবং পর্যটকদের ভিড় ও বিশৃঙ্খলার পর আমরা শেষ পর্যন্ত চার্চের দরজা বন্ধ করে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। ক্যাথেড্রালে এর আগে এমন দৃশ্য কখনো দেখা যায়নি।’
এদিকে পুরো ঘটনাটি বেশ উপভোগ করেছেন খোদ রোনালদোও। স্থানীয় সংবাদমাধ্যমের একটি ইনস্টাগ্রাম পোস্টে হাসির ইমোজি দিয়ে নিজের বিনোদন প্রকাশ করেন তিনি। গত বছরের আগস্টে বাগদান করলেও রোনালদো ও জর্জিনা জুটি কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসবেন, সে বিষয়ে আল-নাসর তারকা এখনো মুখ খোলেননি।
তবে অনাহুত এই ভিড় আর বিশৃঙ্খলা নিয়ে বিরক্ত হলেও পরে বিষয়টি বেশ হালকাভাবেই নিয়েছেন নবদম্পতি ও তাদের অতিথিরা। অতিথিদের একজন স্থানীয় সংবাদমাধ্যমকে রসিকতা করে বলেন, ‘আমাদের নিজেদের সেলিব্রেটি মনে হচ্ছিল। রোনালদো কোনো নিরাপত্তা ছাড়া আজকেই বিয়ে করবেনÑ মানুষ এত বোকা কীভাবে হয়, সেটিই ভাবছি!’



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন