আইসিসি’র মাস সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় তানজিদ

আইসিসি’র মাস সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় তানজিদ

ফন্ট সাইজ:

জিম্বাবুয়ে সফরে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে এক স্বীকৃতির সামনে বাংলাদেশের তানজিদ হাসান তামিম। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই মাসের সেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই টাইগার ওপেনার। এই লড়াইয়ে ২৫ বছর বয়সী এই তানজিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস।

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের দুই সিরিজেই বাংলাদেশের হয়ে সবচেয়ে ধারাবাহিক ছিলেন তানজিদ। দুই সংস্করণের সিরিজেই সর্বোচ্চ রানের মালিক তিনি। ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৫৩ গড় ও ৮৯.৮৩ স্ট্রাইক রেটে ১৫৯ রান করেন তানজিদ, যার মধ্যে শেষ দুই ম্যাচে আসে ৫৭ ও ৯৪ রানের অনবদ্য ইনিংস। এই ফর্ম টি-টোয়েন্টি সিরিজেও বজায় রেখে ৩ ম্যাচে ৭০ গড় ও ১২৭.২৭ স্ট্রাইক রেটে ১৪০ রান করেন এ বাঁহাতি ব্যাটার। শেষ দুই ম্যাচে ৫৮ ও অপরাজিত ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে সিরিজ সেরার পুরস্কার জেতেন তিনি। সেইসঙ্গে বাংলাদেশও সিরিজটি জেতে ২-১ ব্যবধানে।

এই লড়াইয়ে তানজিদের প্রধান প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৩১ রান করা ব্রুক হাত খোলেন টি-টোয়েন্টিতে। সীমিত ওভারের সংস্করণে ৪ ম্যাচে ১১৪.৫০ গড়ে ২২২-এর কাছাকাছি স্ট্রাইকরেটে করেন সিরিজের সর্বোচ্চ ২২৯ রান। চতুর্থ ম্যাচে ৩৫ বলে অপরাজিত ৭৯ রানের দারুণ এক ক্যামিও খেলেন তিনি। এবং সবশেষ ম্যাচে ৪৫ ম্যাচে অপরাজিত ৯৫ রান করে ফেরেন ব্রুক। সিরিজ সেরার পুরস্কারও পকেটে ঢোকান এই ২৭ বছর তারকা। আর ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে ২১৫ রানের পাশাপাশি বল হাতে নেন ৮ উইকেট।

অ্যান্টিগার শ্রীলঙ্কার বিপক্ষে ড্র হওয়া দ্বিতীয় টেস্টে ৩২৫ বলে ১৮০ রানের দারুণ এক ইনিংস উপহার দেন তিনি। বল হাতে ১ উইকেট নিয়ে সিরিজসেরা হন এই ৩২ বছর বয়সী তারকা। সিরিজে ১-০ ব্যবধানে জয়ও তুলে নেয় ক্যারিবিয়ানরা। এদিকে, আইসিসির জুলাই মাসের নারী ক্যাটাগরির সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট, শ্রীলঙ্কার হার্শিতা সামারাবিক্রামা এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন