ফুটবলের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা ব্রাজিল এবার ক্রিকেটের মাঠে এক অনন্য ইতিহাস গড়লো। কলম্বিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ২১তম আসরের ফাইনালে পানামার বিপক্ষে ৩ রানের রোমাঞ্চকর জয়ে প্রথমবারের মতো শিরোপা জিতলো ব্রাজিল পুরুষ ক্রিকেট দল।
এর মাধ্যমে ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টে টানা ৩১ বছরের দীর্ঘ খরা ও হতাশার অবসান ঘটলো। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে ব্রাজিল। দলের পক্ষে ওপেনার উইলিয়াম ম্যাক্সিমো সর্বোচ্চ ৩৫ এবং অধিনায়ক মিশেল আসুনসাও ৩০ রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে দারুণ লড়াই চালায় পানামা। তবে শেষ ওভারে দারুণ বোলিং করে পানামাকে ৫ উইকেটে ১২৫ রানে আটকে দেন অধিনায়ক আসুনসাও। ব্যাট হাতে ৩০ রানের পাশাপাশি ১৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
দীর্ঘ এই সাফল্যের পর বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে ‘ক্রিকেট ব্রাজিল’। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তারা লেখে, ‘এটি ঐতিহাসিক! ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিল পুরুষ জাতীয় ক্রিকেট দল দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন হয়েছে! কয়েক দিনের আত্মত্যাগ, ঐক্য ও কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য।’ টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল আর্জেন্টিনা ১২ বার শিরোপা জিতলেও গত দুই আসরে অংশ নেয়নি। অন্যদিকে, দীর্ঘ ২০টি আসরে অংশ নেয়ার পর অবশেষে পানামার বাধা পেরিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরলো ব্রাজিল। এর আগের ২০ আসরের প্রতিবারই অংশ নেয় দেশটি। ২০২২ ও ২০২৪ সালে রানার্স-আপও হয় তারা। ক্রিকেট ইতিহাসের প্রাচীন দেশগুলোর একটি হওয়া সত্ত্বেও আইসিসির সহযোগী সদস্য ব্রাজিলের জন্য এই জয় দেশটির ক্রিকেট ইতিহাসে এক নতুন যুগের সূচনা করলো।
