পশ্চিমবঙ্গের বহু মসজিদ থেকে মাইক খোলা শুরু হয়েছে, যা নিয়ে সংখ্যালঘুদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। ধর্মকে ‘টার্গেট’ করার অভিযোগ তুলেছেন সংখ্যালঘু জনপ্রতিনিধিদের একাংশ। অভিযোগ, শব্দ দূষণের অজুহাতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা মেনে মসজিদ থেকে জোর করে মাইক খোলা হচ্ছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি লিখে মসজিদ থেকে মাইক খোলা নিয়ে অভিযোগ জানিয়েছেন, মুর্শিদাবাদের তিন সাংসদ। এবার মসজিদ থেকে মাইক খোলা ইস্যুতে আদালতেও যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এ ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত জানিয়েছেন, মসজিদের মাইক খোলার বিষয়টি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছেন তারা। ঋতব্রত বলেছেন, ধর্ম আসলে অঙ্গাঙ্গিকভাবে আমাদের জীবনধারণের সঙ্গে জড়িয়ে। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি- এই বিষয়টা নিয়ে কোর্টেও যাব।
বৃহস্পতিবারই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রশ্ন রেখেছেন পশ্চিমবঙ্গের তিন সংখ্যালঘু এনসিপিআই সাংসদ। তারা বলেছেন, শব্দদূষণ রোধে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া আইন মেনে মাইক বাজানোয় সমস্যা কোথায়? তাদের সাফ বক্তব্য ছিল, নির্দিষ্ট কোনও ধর্মকে যেন টার্গেট না করা হয়। যদি আইন হয়, তাহলে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা কার্যকর হোক।
