বইয়ের রয়্যালটির অর্থ না পেয়ে সংকটে

নিঃসঙ্গ মমতার ক্ষোভ

বইয়ের রয়্যালটির অর্থ না পেয়ে সংকটে

ফন্ট সাইজ:

ফেসবুক লাইভে নিঃসঙ্গ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয়ে ক্ষোভ জানিয়েছেন। তাকে বাড়ি থেকে বের হতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, সরকারের তরফে কোনও কর্মসূচিতে অনুমতি দেয়া হচ্ছে না। কর্মসূচির জন্য আদালতে যেতে হচ্ছে।

মঙ্গলবার লাইভে মমতা সবচেয়ে বড় অভিযোগ করেছেন তার লেখা শতাধিক বইয়ের রয়্যালটি না পাওয়া নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। প্রবন্ধ, গল্প, কবিতার শতাধিক বই রয়েছে তার। যে পরিমাণ বই বিক্রি হয়, সেই রয়্যালটিতেই তার সংসার চলে যায়। অতীতে সেই কথা একাধিকবার বলেছেন মমতা। পশ্চিমবঙ্গে পালাবদলের পর বইয়ের রয়্যালটিও তিনি এখন পাচ্ছেন না বলে অভিযোগ করে আঙ্গুল তুলেছেন বিজেপি সরকারের দিকে। তিনি বলেছেন, আমাকে নানা কু'কথা বলে। যদিও তারা জানে যে, আমি এক পয়সা মাইনে পর্যন্ত নিইনি। আমি আজ পর্যন্ত এক পয়সা পেনশন নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার সংসার চলে। কিন্তু, সেই রয়্যালটিও আমি এবছর পাইনি। নিশ্চয় বিজেপির ভয়ে প্রকাশকরা মুখ বন্ধ করে বসে রয়েছে।

তিনি আরও বলেন, মানুষ বইমেলায় বই কিনেছে। সেই টাকা আমাদের লোকেরাও জাগো বাংলা স্টল থেকে দিয়েছে। কিন্তু, আজও পর্যন্ত আমি রয়্যালটির অর্থ পাইনি। নিশ্চয় এর পিছনে খেলা রয়েছে।

উল্লেখ্য,মমতা বন্দ্যোপাধ্যায় সাবেক সাংসদ, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সরকারের থেকে পেনশনও নেন না। রয়্যালটি আটকে নেত্রীর আয়ের মূল উৎসই বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়া নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। তিনি বলেন, আমায় যত আটকানোর চেষ্টা সব, তত দ্বিগুণভাবে ঘুরে দাঁড়াব। আমি চেয়ারকে কেয়ার করি না, মানুষকে কেয়ার করি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন