চোটের কারণে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরা। তার স্থলাভিষিক্ত হিসেবে প্রথমবারের মতো ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন জম্মু-কাশ্মীরের ২৯ বছর বয়সী পেসার আাকিব নবী। চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ হাঁটুতে চোট পান বুমরাহ। পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কাগামী স্কোয়াড থেকে তাকে বাদ দেয়া হয়েছে। জম্মু-কাশ্মির থেকে ভারতের অভিজাত সংস্করণের দলে জায়গা পাওয়া প্রথম খেলোয়াড় নবী।
জম্মু-কাশ্মির থেকে ভারতের হয়ে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন অলরাউন্ডার পারভেজ রাসুল। পেসার উমরান মালিকের অভিজ্ঞতা ১০ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টির। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নবীর অভিষেক হলে তিনি হবেন জম্মু-কাশ্মির থেকে টেস্ট খেলা প্রথম কোনো ক্রিকেটার।
বুমরাহর অনুপস্থিতিতে দলে সুযোগ পাওয়া এই পেসার ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন। গত দুই রঞ্জি ট্রফি মৌসুমে তিনি মোট ১০৪ উইকেট নেন। এর মধ্যে গত ২০২৫-২৬ মৌসুমেই একাই নেন ৬০ উইকেট, যা জম্মু-কাশ্মিরকে তাদের ইতিহাসের প্রথম রঞ্জি ট্রফি শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। এছাড়া সম্প্রতি শ্রীলঙ্কা সফরকারী ভারত ‘এ’ দলের হয়েও চমৎকার বোলিং করে দুই প্রথম শ্রেণির ম্যাচে ৬ উইকেট শিকার করেন তিনি।
আগামী ১৫ই আগস্ট গলে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৩শে আগস্ট কলম্বোতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ হিসেবে সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পেস আক্রমণ বর্তমানে বেশ বড় ধাক্কার মুখে পড়েছে। বুমরাহ ছাড়াও চোটের কারণে এই সফরে খেলতে পারছেন না হর্ষিত রানা ও আকাশ দীপ।
জম্মু-কাশ্মিরের বারামুলা জেলায় জন্ম নেয়া এই নবী ২০১৯ সালে রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সবশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়েও মাঠে নামেন তিনি।
চোটের সমস্যায় জর্জরিত ভারতীয় দলের পেস আক্রমণ সামলাতে এখন মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ ও গুরনুর ব্রারদের সঙ্গী হচ্ছেন এই তরুণ সেনসেশন। আসন্ন এই টেস্ট সিরিজে আাকিব নবীর অন্তর্ভুক্তি দলের বোলিং লাইনআপকে নতুন শক্তি জোগাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
শ্রীলঙ্কা টেস্টের জন্য ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত (উইকেটকিপার), বি সাই সুদর্শন*, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, আাকিব নবী, দেবদূত পাডিক্কাল, সারাংশ জৈন
*ফিটনেস ছাড়পত্রের সাপেক্ষে
