আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেলে কৃষক দল নেতা নিহত

ফন্ট সাইজ:

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৮) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই মহাসড়ক সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল।

​নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল শুরু হয়। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে মিছিল করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। ওই মিছিল থেকে স্থানীয় হামিরদীতে অবস্থিত বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পরে সেখানে উপস্থিত ব্যক্তিরা রাজু মোল্লাকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন। ককটেল বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে রাত ৮টার দিকে সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, রাজুকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছে। তখন আমাদের কিছু করার ছিল না। রাজু মোল্লার মৃত্যুর সংবাদ পেয়ে রাতেই হাসপাতালে ছুটে জান ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।এ সময় তিনি রাজু মোল্লার বাবা মাকে সান্তনা দিয়ে বলেন রাজুকে যারা হত্যা করেছে তাদেরকে চিন্তিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুলি অথবা ককটেলে তার এই মৃত্যু হয়। তবে এই মুহূর্তে নিশ্চিত করে দুটির একটিও বলতে পারছি না।

তিনি বলেন, এ ঘটনার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়ক রাত সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ কাজ করছে। এদিকে মঙ্গলবার বিকেলে ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল দলীয় নেতা কর্মিদের নিয়ে ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগ প্রতিরোধে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এসময় তিনি আওয়ামীলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন শান্ত ভাঙ্গাকে যারা গোপালগঞ্জ কিংবা টুঙ্গিপাড়া বানাতে চান তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

মনিরুজ্জামান (মনির)
ভাঙ্গা প্রতিনিধি