যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। এ ঘটনায় দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার যোগাযোগ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি সূত্রের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এনএসএ নেট নামে পরিচিত এই নেটওয়ার্কের মাধ্যমে সংস্থাটির কর্মকর্তারা নিজেদের মধ্যে গোপনীয় তথ্য আদান-প্রদান করেন। তবে এখন পর্যন্ত এই বিভ্রাটের পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সূত্রগুলো।
সমস্যার ব্যাপ্তি ও কারণ খতিয়ে দেখতে সংস্থাটি কর্মীদের অফিসে প্রবেশের সময় ধাপে ধাপে নির্ধারণ করেছে। যাতে একসঙ্গে বিপুলসংখ্যক কর্মী নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা না করেন, সে জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে এনএসএর সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।
দেশটির বর্তমান ও সাবেক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এনএসএ নেট অচল হলেও এশিয়া সফররত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠানোর সক্ষমতায় কোনো প্রভাব পড়বে না।
তারা জানান, প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদে যোগাযোগের জন্য সরকারের একাধিক বিকল্প ব্যবস্থা ও ব্যাকআপ নেটওয়ার্ক রয়েছে।
বর্তমানে ট্রাম্প ফিলিপাইনে অবস্থান করছেন। আগামীকাল চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। সেখানে চীনা নেতা শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থার এই নেটওয়ার্ক বিপর্যয়ের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দেশটির বিভিন্ন বিমান সংস্থা ও বড় করপোরেট প্রতিষ্ঠানে একের পর এক প্রযুক্তিগত ত্রুটি দেখা দিচ্ছে।
এর আগে গত শুক্রবার বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ঘণ্টার জন্য সব ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। এতে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয় কিংবা বাতিল করা হয়।
দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) পরে জানায়, আরকানসাসের একটি রাউটারে ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটেছিল।
অন্যদিকে, গত সপ্তাহে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা আউটলুক ইমেইল ও টিমস মিটিংয়ে প্রবেশ করতে পারেননি।
সিএনএন এক্সক্লুসিভ
যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থার গোপন নেটওয়ার্ক অচল
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১৬ মিনিট আগে
১৭ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ১১ঃ৪৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
