‘বল’ বদলেই রানের বন্যা এনসিএলে

‘বল’ বদলেই রানের বন্যা এনসিএলে

ফন্ট সাইজ:

ঘরোয়া ক্রিকেটে বলের ধরন বদলাতেই বদলে গেছে ব্যাট-বলের লড়াইয়ের চিত্র। টানা পাঁচ মৌসুম ইংলিশ ডিউক বলে খেলার পর জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ২০২৬-২৭ মৌসুমে ফিরেছে অস্ট্রেলিয়ান কোকাবুরা বল। আর বল পরিবর্তনের প্রভাব পড়েছে সরাসরি ব্যাটারদের পারফরম্যান্সে। এবারের মৌসুমে রান, সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির সংখ্যায় দেখা গেছে বড় উল্লম্ফন।
ডিউক বলে খেলা আগের দুই মৌসুম ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মিলিয়ে ব্যাটাররা করেছিলেন ৫৬টি সেঞ্চুরি। ডাবল সেঞ্চুরি ছিল মাত্র দু’টি। অথচ কোকাবুরা বলে খেলা এবারের এক মৌসুমেই এসেছে ৪৭টি সেঞ্চুরি ও ছয়টি ডাবল সেঞ্চুরি। অর্থাৎ আগের দুই মৌসুমের তুলনায় এক মৌসুমেই ডাবল সেঞ্চুরি বেড়েছে তিন গুণ।

ঘরোয়া ক্রিকেটে ডিউক বল ব্যবহারের পেছনে বিসিবি’র যুক্তি ছিল পেস বোলারদের উন্নতি। ডিউক বলের উঁচু ও হাতে সেলাই করা সিম দীর্ঘ সময় ধরে পেসারদের সুইং ও সিম মুভমেন্ট পেতে সহায়তা করে। অন্যদিকে কোকাবুরা বলের সিম তুলনামূলক চ্যাপ্টা। ফলে ২০-২৫ ওভার পর বলটি পুরনো হয়ে গেলে ব্যাটারদের পক্ষে খেলা সহজ হয়ে ওঠে। এবারের এনসিএলে ফ্ল্যাট ও ধীরগতির উইকেটও ব্যাটারদের রান করার সুযোগ বাড়িয়েছে। বিশেষ করে পেসাররা উইকেট থেকে তেমন সহায়তা পাননি। বিপরীতে পুরনো কোকাবুরা বলে স্পিনাররা পেয়েছেন বাড়তি সুবিধা। বোলারদের সেরা পাঁচের তালিকাই তার প্রমাণ। শীর্ষ পাঁচে জায়গা করে নেয়া চারজনই স্পিনার। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে ময়মনসিংহ বিভাগের কোচ ও সাবেক জাতীয় ক্রিকেটার জাহাঙ্গীর আলম বলেন, ‘কোকাবুরা বল একটু পুরনো হলে ব্যাটাররা সহজে মানিয়ে নিতে পারেন। এ কারণে অন্যবারের চেয়ে এবার ব্যাটাররা বেশি রান পেয়েছেন।

স্কোরবোর্ডে বেশি রান হয়েছে।’ টানা কয়েক মৌসুম ডিউক বলে খেলার ফলে দেশের পেস বোলিংয়ে যে উন্নতির ধারা তৈরি হয়েছিল, কোকাবুরায় ফিরে আসায় তা ধরে রাখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এবারের এনসিএলের বোলিং পরিসংখ্যানও বলছে, স্পিনারদের আধিপত্যে পেসাররা অনেকটাই পিছিয়ে। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষ দুই স্থান দখল করেছেন হাসান মুরাদ ও নাসুম আহমেদ। সেরা পাঁচে একমাত্র পেসার সফর আলী। তবে বল ও উইকেটের চরিত্র নিয়ে আলোচনা থাকলেও ব্যাটারদের ব্যক্তিগত সাফল্য অস্বীকার করার সুযোগ নেই। এবারের এনসিএলে সাত ম্যাচে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি নিয়ে ৫৭.৪২ গড়ে ৮০৪ রান করেছেন রংপুরের মিম মোসাদ্দেক। তিনিই মৌসুমের সর্বোচ্চ রানসংগ্রাহক।

সমান সাত ম্যাচে ৬৯৭ রান করে দ্বিতীয় স্থানে চট্টগ্রামের সাদিকুর রহমান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়ার আগে পাঁচ ম্যাচে ৬৭২ রান করে তৃতীয় হয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। তালিকার পরের দুই স্থানে রয়েছেন ঢাকার মোহাম্মদ নাঈম ও সিলেটের জাকির হাসান। বল হাতে সবচেয়ে সফল চট্টগ্রামের হাসান মুরাদ। সাত ম্যাচে ৪১ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। এক ম্যাচ কম খেলে ৪০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে সিলেটের নাসুম আহমেদ। খুলনার শেখ পারভেজ জীবন ২৬ এবং সিলেটের নাঈম আহমেদ ২৫ উইকেট নিয়ে রয়েছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। ২৪ উইকেট নিয়ে পঞ্চম স্থানে থাকা সফর আলীই এক

মাত্র পেসার।