সাত বছর পর শিরোপা রেকর্ড অষ্টমবার চ্যাম্পিয়ন খুলনা

সাত বছর পর শিরোপা রেকর্ড অষ্টমবার চ্যাম্পিয়ন খুলনা

ফন্ট সাইজ:

সাত বছর পর জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) শিরোপা পুনরুদ্ধার করলো খুলনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরকে ৯ উইকেটে হারিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দলটি। সবশেষ ২০১৯-২০ মৌসুমে শিরোপা জিতেছিল তারা। এবার মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে ২০২৬-২৭ মৌসুমে আবারো শ্রেষ্ঠত্বের মুকুট পরলো খুলনা। ষষ্ঠ রাউন্ডেই শিরোপা জয়ের পথ অনেকটা এগিয়ে রেখেছিল খুলনা। শেষ রাউন্ডে হার এড়ালেই নিশ্চিত হতো শিরোপা। তবে শুধু নিজেদের ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হয়নি দলটিকে। শিরোপার দৌড়ে থাকা সিলেট শেষ রাউন্ডে বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়ে বোনাস পয়েন্টসহ পূর্ণ পয়েন্ট পাওয়ায় লড়াই জমে ওঠে। তখন খুলনার সামনে সমীকরণ ছিল ড্র অথবা জয়। শেষ পর্যন্ত রংপুরকে হারিয়েই শিরোপা উৎসবে মাতে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনের খেলা শুরুতে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রান ছিল রংপুরের।

আগের দিনের ১৬ রানের লিড নিয়ে তাদের সংগ্রহ দাঁড়িয়েছিল ২১০ রানে। তবে শেষ দিনে কোনো রান যোগ করার আগেই অলআউট হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চতুর্থ দিনের দ্বিতীয় বলেই মিম মোসাদ্দেককে (২৩) ফিরিয়ে রংপুরের ইনিংসের ইতি টানেন খুলনার পেসার সফর আলী। ফলে জয়ের জন্য খুলনার লক্ষ্য দাঁড়ায় ২০১ রান। লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় খুলনা। আজিজুল হাকিম তামিম ও এনামুল হক বিজয় ২২ ওভারে যোগ করেন ১২৩ রান। ৬৮ বলে ১১ চার ও ২ ছক্কায় ৮১ রান করে আবু হাসিমের বলে বোল্ড হন বিজয়। এরপর কালাম সিদ্দিকী আলিনকে সঙ্গে নিয়ে বাকি কাজ সারেন তামিম। দু’জনের অবচ্ছিন্ন ৭৮ রানের জুটিতে ৯ উইকেটের বড় জয় নিশ্চিত হয় খুলনার। ম্যাচসেরা হয়েছেন খুলনার পেসার সফর আলী। দুই ইনিংস মিলিয়ে ১০৪ রানে ৯ উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৪০ রানে নেন ৫ উইকেট। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮৮.৩ ওভারে ৩৩৮ রানে অলআউট হয় রংপুর। অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন করেন ইনিংস সর্বোচ্চ ৭৩ রান।

জবাবে খুলনার ইনিংস থামে ৩২২ রানে। উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ১৪১ বলে করেন ১০৫ রান। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৭৪ রান। রংপুরের হয়ে চার উইকেট নেন তাফসির আরাফাত তাসিব। সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে মৌসুম শেষ করেছে খুলনা। তিন জয়, তিন ড্র ও এক হারে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে সিলেট।

এনসিএলে খুলনার অষ্টম শিরোপা
১৯৯৯-২০০০ মৌসুমে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লীগে এবার রেকর্ড অষ্টম শিরোপা জিতলো খুলনা। এর আগে ২০০২-০৩, ২০০৭-০৮, ২০১২-১৩, ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।