কেটি পেরির প্রেমে ডুবেছেন জাস্টিন ট্রুডো

সমুদ্রসৈকতে হাত ধরাধরি

কেটি পেরির প্রেমে ডুবেছেন জাস্টিন ট্রুডো

ফন্ট সাইজ:

রাজনীতির বাইরে এসে প্রেমের নতুন অধ্যায় শুরু করেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রেমিকা পপ তারকা কেটি পেরি’র প্রেমে পাগলপারা হয়ে ছুটছেন তার পিছনে। তাদেরকে একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে। নিজের দেশ যেদিন বিশ্বকাপের ম্যাচ খেলে, সেদিন তিনি শুধু কেটি পেরির পারফরম্যান্স উপভোগ করতে দেশ ছেড়ে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে। এরপর কেটি পেরির সঙ্গে তাকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

কিন্তু এবার খবরের শিরোনাম হয়েছেন তার চেয়েও ভয়াবহ প্রেমের এক অধ্যায়ে। কেটি পেরির সঙ্গে তাকে সাঁ-ত্রোপেজের সমুদ্রসৈকতে দেখা গেছে। হাত ধরাধরি। জলকেলি। ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুম্বন রত অবস্থায়। এ নিয়ে বৃটিশ মিডিয়া সরব। একটি পত্রিকা লিখেছে, পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো’কে ফ্রান্সের সাঁ-ত্রোপেজের সমুদ্রসৈকতে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে। গত বৃহস্পতিবার তারা হাত ধরাধরি করে হাঁটেন।

একে অপরকে চুম্বন করতে দেখা যায়। এ ঘটনা তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ৪১ বছর বয়সী কেটি পেরি এদিন ক্রিম রঙের স্ট্র্যাপলেস এক-পিস সুইমস্যুট, ট্যান রঙের বাকেট হ্যাট ও ক্যাট-আই সানগ্লাসে গ্রীষ্মকালীন সাজে নজর কাড়েন।

অন্যদিকে ৫৪ বছর বয়সী ট্রুডো পরেন সাদা বর্ডারযুক্ত নেভি-নীল সুইমিং শর্টস। দু’জনের প্রেমের গুঞ্জন প্রথম ছড়ায় ২০২৫ সালের জুলাইয়ে। একই বছরের ডিসেম্বরে তারা সামাজিক মাধ্যমে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। এরপর ২০২৬ সালের জুনে ট্রাইবেকা ফেস্টিভ্যালে ‘কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর- লাইভ ফ্রম প্যারিস’-এর প্রিমিয়ারে প্রথমবারের মতো একসঙ্গে রেড কার্পেটে হাজির হন। সেই অনুষ্ঠানে কেটি পেরি বলেন, তিনি এখন জীবনের নানা ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি স্থির অনুভব করেন। নিজের সম্পর্ক নিয়ে খুবই সুখী। তার ভাষায়, তিনি ভালোবাসায় গভীরভাবে আবদ্ধ।

এর আগে কেটি পেরির সঙ্গে অভিনেতা অরল্যান্ডো ব্লুম-এর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ২০১৬ সালে শুরু হওয়া সেই সম্পর্কের পর ২০১৯ সালে তাদের বাগদান হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। নাম ডেইজি। ২০২৫ সালের জুলাইয়ে তারা বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, সন্তানের যৌথ অভিভাবকত্বই তাদের প্রধান অগ্রাধিকার।

অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০১৫ সাল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো-এর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের তিন সন্তান রয়েছে। ট্রুডোর বড় ছেলে জেভিয়ারও সম্প্রতি এক পডকাস্টে কেটি পেরির প্রশংসা করেন। তিনি জানান, নিজের লেখা গান নিয়ে প্রায়ই কেটির পরামর্শ নেন এবং কেটি সবসময় আন্তরিকভাবে মতামত দেন। তার মতে, বাবাকে সুখী দেখতে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কেটি পেরির অতীত সম্পর্কগুলোর মধ্যে কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড, সংগীতশিল্পী জন মেয়ার এবং র‌্যাপার ট্র্যাভি ম্যাককয় রয়েছেন। অন্যদিকে অরল্যান্ডো ব্লুম বর্তমানে মডেল লুইসা লেমেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন