ভুয়া ট্রেডিং অ্যাপে বিনিয়োগ, প্রায় ৮ লাখ রুপি খোয়ালেন এক ব্যক্তি

ভুয়া ট্রেডিং অ্যাপে বিনিয়োগ, প্রায় ৮ লাখ রুপি খোয়ালেন এক ব্যক্তি

ফন্ট সাইজ:

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা একটি কথিত ভুয়া ট্রেডিং অ্যাপের মাধ্যমে প্রায় ৭ লাখ ৯৫ হাজার রুপি হারিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় গুগল ইন্ডিয়ার নোডাল কর্মকর্তার বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা করেছে পুলিশ। ভুক্তভোগী একটি প্রতিরক্ষা খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের (পিএসইউ) কর্মচারী। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি জানাচ্ছে সাইবারাবাদ সাইবার ক্রাইম থানায় দায়ের করা অভিযোগে তিনি জানান যে, জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারকদের সঙ্গে তার পরিচয় হয়।

অভিযোগ অনুযায়ী, প্রতারকরা তাকে একটি ট্রেডিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগের পরামর্শ দেয়। এরপর তিনি অ্যাপটির মাধ্যমে বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৭ লাখ ৯৫ হাজার রুপি জমা করেন। অ্যাপটিতে লাভ দেখানো হলেও পরে অর্থ উত্তোলনের চেষ্টা করলে তা বারবার প্রত্যাখ্যান করা হয়। বরং তাকে জানানো হয়, টাকা তুলতে হলে আগে ‘উইথড্রয়াল ট্যাক্স’ পরিশোধ করতে হবে। পরে তিনি বুঝতে পারেন যে, এটি একটি প্রতারণার ফাঁদ এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, অ্যাপটি যেহেতু গুগল প্লে স্টোরে ছিল, তাই সেটিকে বৈধ ও বিশ্বাসযোগ্য মনে করেই তিনি বিনিয়োগ করেন।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে অবহেলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং গুগল ইন্ডিয়ার নোডাল কর্মকর্তাকে মামলার অন্যতম আসামি করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গুগল। এর আগে হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ একই ধরনের আরও তিনটি পৃথক সাইবার জালিয়াতির মামলায় গুগল ইন্ডিয়ার প্রধানকেও সহ-আসামি করে। ওইসব মামলার অভিযোগেও বলা হয়, প্রতারকরা গুগল প্লে স্টোরে থাকা ভুয়া বিনিয়োগ অ্যাপ ব্যবহার করে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়। তবে গত ২২ জুলাই গুগল এক বিবৃতিতে জানায়, অভিযোগ পাওয়ার পর তারা তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে।

তদন্তে দেখা গেছে, অভিযোগে উল্লেখ করা অ্যাপগুলোর মধ্যে মাত্র একটি প্লে স্টোরে ছিল এবং সেটি গুগলের আর্থিক সেবাবিষয়ক নীতিমালা মেনে চলছিল বলে তাদের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন