মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোলে নতুন করে যুক্ত হয়েছে মিশর। বুধবার দেশটির একটি প্রাকৃতিক গ্যাস বোঝাইয়ের বন্দরে থাকা একটি জাহাজে বড় বিস্ফোরণ ঘটেছে। যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি মজুত ট্যাংকারে বিস্ফোরক সমৃদ্ধ ড্রোন আঘাত করলে এই বিস্ফোরণ হয়। এতে জাহাজটিতে আগুন লেগে যায়। আগুনের মাত্রা বৃদ্ধি পেলে পাশে থাকা আরেকটি জাহাজেও আগুন ছড়িয়ে পড়ে। এ খবর দিয়েছে ডন অনলাইন। সমুদ্র বাণিজ্য বিষয়ক তিনটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। বৃটিশ সমুদ্র নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান অ্যামব্রে জানায়, জাহাজটিতে থাকা ক্রু সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনো এই হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।
এ বিষয়ে কথা বলতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাত্তির একটি ফোনালাপ হয়। সেখানে দার সংযম, সংলাপ ও কূটনীতিতে জোর দেয়ার আহ্বান জানান। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ খবর নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস। পাশাপাশি উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন নিয়ে নিজেদের গভীর উদ্বেগ প্রকাশ করেন। ইসরাইলি সেনাদের আক্রমণের কড়া নিন্দা জানান তারা। গাজার পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের আগ্রাসন, অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা, আল আকসা মসজিদে সংঘাত ও দখলেরও নিন্দা জানান তারা। একই সঙ্গে উভয় মন্ত্রী গাজার জিম্মি অবস্থার আশু সমাপ্তি চান। তারা সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান।
