বিএনপির নেতাকর্মীদের মধ্যে কেউ আওয়ামী লীগের(কার্যক্রম) সঙ্গে যোগাযোগ বা আঁতাত করলে তাদের বিরুদ্ধে প্রথমেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে রাজনীতি করা বিএনপির ‘মীরজাফরদের’ আগে ধরা হবে। প্রয়োজনে তাদের টেলিফোন ও হোয়াটসঅ্যাপের যোগাযোগও পরীক্ষা করা হবে।
শুক্রবার সন্ধ্যার দিকে মৌলভীবাজারের রাজনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা, অগ্নিসংযোগ ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান বলেন, ‘আগে অনেকেই রাজনীতি করছেন আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে। ভাইয়েরা ওই দিন শেষ। যারা আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে রাজনীতি করেন, বিএনপির ওই সমস্ত মীরজাফরদের আগে ধরা হবে।
তিনি বলেন, সবার টেলিফোন চেক করা হবে তাই আমার দলের সাধুরা সাবধান।
বিএনপির এই সংসদ সদস্য বলেন, সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম, মামলা-মোকদ্দমা সহ্য করেছেন। এখন বিএনপি ক্ষমতায়। তাই এখন ঘরে বসে থাকার সময় নয়। আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে উল্লেখ করে তিনি বলেন, এই নিষিদ্ধ আওয়ামী লীগের বিষদাঁত ভাঙবে কে? এই বিষদাঁত আমাদেরই ভাঙতে হবে।
আওয়ামী লীগ অতীতে বিএনপিকে পুলিশ দিয়ে মোকাবিলা করত। সাড়ে ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপিকে আওয়ামী লীগের মতো পুলিশনির্ভর দল নয়—উল্লেখ করে তিনি বলেন, আমরা কি তাদের মতো ফটকাবাজ দল?
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে এম নাসের রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে এক মাসের মধ্যে তার ফাঁসি কার্যকর হবে।
বিএনপির আন্দোলনে পেট্রোল বোমা ও জ্বালাও পোড়াওয়ের জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, এতদিন যারা এসব করেছেন এখন তা প্রমাণিত হচ্ছে। এখন এই থলের বিড়াল বের হয়ে গেছে।
সমাবেশের আগে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজনগর বাজার অতিক্রম করে কলেজ পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত, মো. ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, বকসী মিসবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিতসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
মিছিলে বৈরী আবহওয়া উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা রাজপথেই আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের হুঁশিয়ারি দেন।
