রায়পুরে ড্রেন নির্মাণে ধীরগতি দুর্ভোগে পৌরবাসী

রায়পুরে ড্রেন নির্মাণে ধীরগতি দুর্ভোগে পৌরবাসী

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রায়পুর পৌরশহরে দীর্ঘদিন ধরে চলমান ড্রেন নির্মাণকাজ এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলা কাজ অসম্পূর্ণ থাকায় ভাঙাচোরা রাস্তা, ধুলো আর কাদায় নাকাল স্থানীয় বাসিন্দারা। বাসার সামনে ড্রেনের জন্য গভীর গর্ত করার ফলে শিশু ও বৃদ্ধরা ঘর থেকে বের হতে পারছে না। জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে দুই বছর আগে নতুন বাজার মহিলা কলেজ সড়ক এলাকায় ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। তবে তা আজও শেষ হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় ইতিমধ্যে তিন দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। জানা যায়, পৌর শহরের নতুন বাজার এলাকার সড়ক সংস্কার ও ড্রেনেজ নির্মাণ প্রকল্পে ১২ কোটি ৬০ লাখ টাকার উন্নয়নের নামে মাসের পর মাস ধরে খোঁড়াখুঁড়ি চলছে। দুই বছর আগে মেসার্স রহমান ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানটি ড্রেন নির্মাণের কাজ শুরু করলেও শেষ হয়নি সময়মতো। ফলে রাস্তা ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে সড়কটিতে বর্ষা মৌসুমে কাদা ও হাঁটুপানিতে চলাচল দুর্বিষহ হয়ে ওঠে। আর শুষ্ক মৌসুমে ধুলাবালি ও নিত্য যানজটে এলাকাবাসী অতিষ্ঠ। বর্তমানে সাধারণ মানুষ এই সড়ক এড়িয়ে চলাচল করছে। এতে ক্রেতা কমে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুলগামী শিশু, নারী ও বয়স্করা। প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে বাসা-বাড়ি থেকে বের হতে হচ্ছে তাদের। স্থানীয়রা জানান, কাজ শুরু করেছে গত বছরে। কিন্তু কাজ শেষের কোনো নাম নেই। বৃষ্টি হলে কাদা, শুকনা মৌসুমে ধুলোয় আমাদের জীবন অতিষ্ঠ। তাদের অভিযোগ, কাজের ধীরগতি ও তদারকির অভাবই এই দুর্ভোগের মূল কারণ। দীর্ঘদিন ধরে কাজের অগ্রগতি না থাকায় এলাকার ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ধস নেমেছে। পৌরসভার প্রকৌশলী মো. কামরুল হাসান বলেন, প্রায় দুই বছর আগে ঠিকাদার কাজটি শুরু করেন। কাজের ধীরগতির কারণে একাধিকবার সময় বাড়ানো হয়েছে। এবারো নতুন করে সময় দেয়া হয়েছে। তবে বর্তমানে কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা কঠিন হবে। তারপরও পৌরবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন