তথ্য ও যোগাযোগ প্রযুক্তি () বিভাগের বিদায়ী সচিব কাজী আনোয়ার হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আইসিটি বিভাগের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় মন্ত্রী বিদায়ী সচিবের দক্ষতা, সততা ও প্রশাসনিক প্রজ্ঞার প্রশংসা করেন। তিনি তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বিদায়ী সচিবের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার অবদানের কথা স্মরণ করেন।
সভাপতির বক্তব্যে আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা বলেন, কাজী আনোয়ার হোসেনের নেতৃত্বে বিভাগের বিভিন্ন কার্যক্রম গতিশীলতা পেয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
শেষে বিদায়ী সচিব কাজী আনোয়ার হোসেন সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
