বিচার কার্যে মামলার দীর্ঘসূত্রিতার অন্যতম কারণ সীমিত বাজেট: বিচারপতি শহীদুল ইসলাম

বিচার কার্যে মামলার দীর্ঘসূত্রিতার অন্যতম কারণ সীমিত বাজেট: বিচারপতি শহীদুল ইসলাম

ফন্ট সাইজ:

বিচার বিভাগের জন্য বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং পৃথক সচিবালয় গঠনের দাবি জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল ইসলাম বলেছেন, বিচার কার্যে মামলার দীর্ঘসূত্রিতার অন্যতম কারণ সীমিত বাজেট। বর্তমান বরাদ্দ দিয়ে বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে ও সময়মতো নিষ্পত্তি করা সম্ভব হয় না। বৃহস্পতিবার বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উদ্যোগে ‘আইনজীবীদের বাজেট ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর জহুর হোসেন চৌধুরী হলরুমে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।

বিচারপতি শহীদুল ইসলাম বলেন, বিচারক ও আইনজীবীদের দক্ষতা ও মানোন্নয়নে প্রশিক্ষণ প্রদানসহ বিচার বিভাগের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য বাজেট পৃথকীকরণ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন অপরিহার্য। বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে এ উদ্যোগ জরুরি বলে তিনি উল্লেখ করেন।

সেমিনারে বক্তারা বিচার বিভাগের বাজেট পৃথকীকরণ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি জানান। তারা বলেন, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পরও দেশ প্রকৃত অর্থে স্বাধীন বিচার বিভাগ পায়নি। বিচার বিভাগ আইন মন্ত্রণালয়ের অধীনে থাকায় বিচার কার্যক্রমে নির্বাহী হস্তক্ষেপের সুযোগ তৈরি হচ্ছে, যা ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বক্তারা বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করে জনগণের ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সিনিয়র এডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, সিনিয়র এডভোকেট ব্যারিস্টার বেলায়েত হোসেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট ড. হেলাল উদ্দিন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট এস. এম কামাল উদ্দিন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুর রাজ্জাক, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সম্পাদক এডভোকেট মো. সাইফুর রহমান, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এডভোকেট একেএম রেজাউল করিম খন্দকার, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি এডভোকেট ডক্টর গোলাম রহমান ভূঁইয়া, ঢাকা বারের সাবেক সহ-সম্পাদক এডভোকেট মহিন উদ্দিন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় অফিস সেক্রেটারি এডভোকেট আবু বক্কর সিদ্দিক প্রমুখ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন