ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ জন অসহায়-দরিদ্র নারী পেয়েছেন সেলাই মেশিন। বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে জেলা পরিষদের অর্থায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
বুধবার শহরের আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আবদুল কাদির মিয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ,অতিরিক্ত পুলিশ সুপার মো: ওবায়দুর রহমান,সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি,জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন।
রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান শাহিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা লায়লা সুলতানা। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন,বর্তমান সরকার বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। আমাদের সমাজে অনেক মেয়ের অল্প বয়সে বিয়ে হয় কিন্তু এইসব মেয়েদের যদি কাজের সুযোগ থাকতো তাহলে স্বল্প বয়সে তাদের বিয়ে হতোনা।
তিনি বলেন, কর্মজীবী নারীরা স্বামীর সংসারে ভালো থাকে। নারীরা স্বাবলম্বী হতে পারলে নিজেদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে। আমি আশা করবো জেলা পরিষদের এই সেলাই মেশিন দিয়ে আয় করে ৭০টা পরিবার স্বাবলম্বী হতে পারবে। তিনি নারীদের সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন পদক্ষেপ গ্রহণ করার কথাও বলেন।
