কুমিল্লার দেবিদ্বারে হাসপাতালে চিকিৎসা নিতে এসে প্রকাশ্য দিবালোকে অপহরণকারীদের হাতে মা ও শিশু অপহরণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় মাকে উদ্ধার করা হলেও ২৭ দিন বয়সী আফসা আক্তারকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভিক্টিম মা আকলিমা আক্তার (২৮) দেবিদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের মো. কামাল হোসেন (৪২)’র স্ত্রী। অপহৃতার ভাই শাহনুর আলম জানান, গত বৃহস্পতিবার দুপুরে অটোচালক কামালের স্ত্রী আকলিমা তার ২৭ দিন বয়সী শিশু কন্যাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আসার পর ২/৩ জন লোক এখানে ভালো ডাক্তার নেই বলে জানান। পরে অভিজ্ঞ ও ভালো শিশু বিশেষজ্ঞ দেখাতে নানাভাবে ফুসলে তাদের ডাক্তারের চেম্বারে নেয়ার কথা বলে ওই মা-মেয়েকে হাসপাতাল থেকে বের করে মহাসড়কে উঠার পর শয়তানের নিশ্বাস শুকিয়ে অপহরণ করে নিয়ে যায়। ওইদিন বিকালে আকলিমাকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সংলগ্ন সাবের বাজার এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় সেবা ‘৯৯৯’ নম্বর ফোনে বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে দেবিদ্বার থানা পুলিশের উপস্থিতিতে ভিক্টিমের স্বামী ও ভাইয়ের কাছে হস্তান্তর করেন। কিন্তু শিশু কন্যার সন্ধান পাওয়া যায়নি। ওই ঘটনায় ভিক্টিমের স্বামী দেবিদ্বার থানায় অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযোগ করে একটি অপহরণ মামলা দায়ের করেন। এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অজ্ঞান পার্টি নাকি অপহরণকারীদের হাতে অপহৃত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অপহরণের সময় নারীর কাছে টাকা ও মোবাইল ছিল। তিনি বলেন, এটি স্বামী-স্ত্রী’র উভয়েরই দ্বিতীয় সংসার। আমাদের দু’টি টিম শিশুটি উদ্ধার এবং ঘটনা অনুসন্ধানে মাঠে কাজ করছে। তবে তদন্তের পূর্বে সঠিক কিছু বলা যাবে না।
দেবিদ্বারে মা’কে অজ্ঞান করে শিশু ছিনতাই
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
