কল রেকর্ড ভাইরাল

উপজেলা প্রকৌশলীকে ‘ফুটবলের মতো লাথি’ দেয়ার হুমকি ঠিকাদারের

ফন্ট সাইজ:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীকে মুঠোফোনে অশালীন ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার মহসিন হায়দারের বিরুদ্ধে। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্স’-এর স্বত্বাধিকারী। এ সংক্রান্ত একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভাইরাল হওয়া অডিওতে ঠিকাদারকে উপজেলা প্রকৌশলীকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘রুমে ঢুকে একদম ফুটবলের মতো লাথি দেবো। ব্যাংকে যে চিঠি লিখেছিস, সেটি সরিয়ে নে। আমার বিল আটকে রেখেছিস, বিল দেয়ার ব্যবস্থা কর।’ অডিওতে স্থানীয়ভাবে প্রভাব খাটানোর ইঙ্গিত এবং সরকারি অফিসে ঢুকে তালা ঝুলিয়ে দেয়ার হুমকিও শোনা যায় বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, একজন সরকারি কর্মকর্তাকে এভাবে হুমকি দেয়া গুরুতর অপরাধ। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে ঠিকাদার মহসিন হায়দারকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করার তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী জানান, অনিয়মের কারণে বিল স্থগিত করায় ঠিকাদার ক্ষুব্ধ হয়ে এমন আচরণ করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন