নড়াইলের কালিয়া উপজেলার ফুলদহ গ্রামে পৈতৃৃক বসতভিটা জবর দখল চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার সকালে ফুলদহ গ্রামের ভুক্তভোগী সুকুমার সাহা (৭০) নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের বাণিজ্যিক এলাকায় এ সম্মেলন করে প্রশাসনের কাছে নিরাপত্তা ও প্রতিকার দাবি করেছেন। সম্মেলনে লিখিত বক্তব্যে সুকুমার বলেন, তার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার ফুলদহ গ্রামে। তিনি ব্যবসায়িক কাজে দীর্ঘদিন বাড়ির বাইরে ছিলেন। ওই সময়ে তিনি নিজের বাড়ি ও অন্যান্য সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেন প্রতিবেশী নাথুরাম সাহাকে। সেই সুযোগে নাথুরাম সাহা তার জমির জালিয়াতি কাগজপত্র তৈরি করেছেন। এ বিষয়ে তিনি মামলা দায়ের করেন। নাথুরাম সাহার সঙ্গে তার আদালতে মামলা চলছে। বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে ফুলদহ গ্রামের প্রতিবেশী ইমরান শেখ ও অমিত হাসান তার বসতবাড়ি জবর দখলের পাঁয়তারা করছে। নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। সহজে জমি ছেড়ে না দিলে খুন জখম করার হুমকি দিচ্ছে। এমনকি ইমরান শেখ ও অমিত হাসানের দাবি, তারা নাথুরাম সাহার কাছ থেকে ওই জমি কিনেছেন। জীবন বাঁচাতে বাধ্য হয়ে তিনি ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১০৭ ধারায় মামলা করেছেন। আর সম্পত্তির জবর দখল ঠেকাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নড়াইল আদালতে ফৌজাদারি কার্যবিধির ১৪৪ ধারায় মামলা দায়ের করেছেন। এসব মামলার কোনো তোয়াক্কা না করে জবরদখলে মরিয়া হয়ে উঠেছে ইমরান ও অমিত চক্র। তিনি সম্মেলনে আরও বলেন, জালিয়াতি কাগজপত্র তৈরি করে তার জায়গাজমি জোর করে গ্রাস করছে প্রতিবেশী সন্ত্রাসী চক্র। তার জীবনের কোনো নিরাপত্তা নেই। তিনি চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। জোরপূর্বক তার বাড়ি ঘেরাও করে রেখেছে। তিনি স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে এবং জবরদখলকারীদের হাত থেকে রেহাই পেতে পুলিশ সুপার, জেলা প্রশাসক ও নড়াইল-১ আসনের সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
নড়াইলে বসতভিটা দখল চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নড়াইল প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
