কলকাতায় সাংবাদিকদের বিক্ষোভ

কলকাতায় সাংবাদিকদের বিক্ষোভ

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের কলকাতায় নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কয়েক শো সাংবাদিক মিছিল করেছেন। গত শুক্রবার বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছিলেন। কলকাতা এবং বিভিন্ন জেলার রিপোর্টার, ফটোসাংবাদিক, ভিডিও সাংবাদিক এবং ডিজিটাল কন্টেন্ট নির্মাতারা এদিনের প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন। ধর্মতলার প্রেস ক্লাব থেকে শুরু হয়ে মিছিলটি রাসমণি অ্যাভিনিউতে শেষ হয়। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় গণমাধ্যমকর্মীদের সুরক্ষার দাবিতে মানববন্ধন করেন।

২৪শে জুলাইয়ের সহিংসতায় আহত সাংবাদিকরাও এদিন লোক ভবনে গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে তবে রাজ্যপাল না থাকায় তারা কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ঘটনাটি সম্পর্কে তাদের অবহিত করেন ও হস্তক্ষেপ কামনা করেন। সাংবাদিকদের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি স্মারকলিপি জমা দেন। রাজনৈতিক সমাবেশ ও অন্যান্য জনসভার সংবাদ সংগ্রহের সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। এদিনের প্রতিবাদ মিছিলে কলকাতা প্রেসক্লাব, ইন্দো-বাংলা প্রেসক্লাবসহ রাজ্যের ৪৬টি প্রেসক্লাবের সদস্যরা অংশ নিয়েছিলেন।

২৪শে জুলাই নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত মিছিলে সহিংসতার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করে তাদের আশ্বস্ত করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন