নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে জোনায়েদ হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে পৌরসভার মেজবার বিল্ডিং (সাবেক পল্লী বিদ্যুৎ অফিস) ভবনের দ্বিতল ভবনের ছাদের উপরে এ ঘটনা ঘটে। নিহত জোনায়েদ সোনাইমুড়ী বাইপাস সংলগ্ন মাদ্রাসায়ে দারুল ইমানের নাজেরা শাখার শিক্ষার্থী ছিল। তার বাবা মো. স্বপন ফার্নিচার ব্যবসা করতেন। তারা পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। জোনায়েদ সকালে ভাড়া বাসার ছাদের উপরে খেলা করছিল। এ সময় পাশে থাকা পল্লীবিদ্যুতের ৪৪০ ভোল্টের বৈদ্যুতিক তারের উপরে ডিশ লাইনের ক্যাবল ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। প্রতিবেশীরা জানান, আবাসিক ভবনের দু’পাশ থেকে বিদ্যুতের খোলা তার রয়েছে। ভবনের ৮-১০ ফুটের মধ্যে এমন ঝুঁকিপূর্ণ সংযোগের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, খবর পেয়ে নিহতের পরিবারের অভিযোগ নাই মর্মে মুচলেকা দিয়ে নিহত জোনায়েদের লাশ নিয়ে গেছেন।
সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
