দেড়শ’ ফুট সাঁকো হাজারো মানুষের কষ্ট

ফন্ট সাইজ:

পটুয়াখালীর মির্জাগঞ্জে দেড়শ’ ফুট দৈর্ঘ্যরে একটি বাঁশের সাঁকোই যেন হাজারো মানুষের দুঃখ ও কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটাই তাদের পারাপারের একমাত্র মাধ্যম। জানা যায়, উপজেলার উত্তর আমড়াগাছিয়া এলাকার মাঝখান দিয়ে বয়ে গেছে গিলাতলী খাল। খালটির এপার-ওপারে রয়েছে ১ হাজার পরিবারের প্রায় ৫ হাজার মানুষের বসবাস। কিন্তু খালটি পারাপারের জন্য ব্রিজ বা সেতুর কোনো ব্যবস্থা নেই। পারাপারের একমাত্র উপায় দীর্ঘ এই বাঁশের সাঁকোটি গ্রামবাসী নিজ উদ্যোগে তৈরি করেছে। আর জীবনের ঝুঁকি নিয়েই এই নড়বড়ে সাঁকো পার হয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে তাদের। বছরের পর বছর চরম ভোগান্তি পোহালেও ব্রিজের কোনো ব্যবস্থা হয়নি। সরজমিন দেখা যায়, নড়বড়ে সাঁকোটি পার হয়েই বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য এই সাঁকো পার হয়েই বিভিন্ন হাটবাজারে বাজারজাত করছেন। সাঁকোটি অনেক লম্বা হওয়ায় শিশু ও বৃদ্ধরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে সরকারি খরচে একটি ব্রিজ নির্মাণের জন্য জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুফল পায়নি। আমাদের ভোগান্তি কেউই দেখতে আসেন না। আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, জনগণের দুর্ভোগ লাঘবের জন্য ওই স্থানে সরকারি অর্থায়নে একটি ব্রিজ নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী জানান, স্কিমটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন হলে বাস্তবায়ন করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন