অভয়নগরে বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত ৫০

অভয়নগরে বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত ৫০

ফন্ট সাইজ:

যশোরের অভয়নগরে বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াতের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। পরে তা দু’পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত যুব ও ছাত্রদলের দুই নেতাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে ভাটপাড়া ফেরিঘাট মসজিদের সামনে বিএনপি মিছিল করছিল। এ সময় মসজিদের ছাদ থেকে উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানার নেতৃত্বে জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মী ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। সংঘর্ষ এড়াতে থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন ও থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ইউসুফ জামায়াত নেতাদের সঙ্গে কথা বলতে চাইলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়লে ভাটপাড়া বাজার রণক্ষেত্রে পরিণত হয়। হামলা ও মারপিটের ঘটনায় উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থানা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান ইউসুফ বলেন, খালিদ ও ইকবাল ভাইকে কুপিয়ে পায়ের রগ কেটে দেয়া হয়েছে। একপর্যায়ে তাদেরকে মৃত ভেবে হামলাকারী জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ছাড়া আমাদের দলের ৩০-৪০ জন নেতাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। হামলার সময় জামায়াত-শিবিরের সঙ্গে স্থানীয় মৎস্যজীবী লীগের নেতাকর্মীরাও ছিল বলে দাবি করেন তিনি।
উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানা বলেন, স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা আমাকেসহ আমাদের দলের ৩০-৪০ জনকে পিটিয়ে আহত করে উল্টো আমাদের ওপর দায়ভার চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। আমার হাতের আঙ্গুল ভেঙে গেছে, মাথা ফেটে গেছে। আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্র সহকারে আমাদের ওপর হামলা চালায়। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন