বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে: প্রতিমন্ত্রী মিল্লাত

বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে: প্রতিমন্ত্রী মিল্লাত

ফন্ট সাইজ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজের টিকিট ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন। বিমান একটি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ছিল। পরে আমরা হিসাব করে দেখালম ক্ষতিগ্রস্ত কেন ছিল। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ হয়েছে। বিমানকে লাভজনক করা সম্ভব এবং টিকিটের দাম কমানো সম্ভব। যদি সকলের সদিচ্ছা থাকে তাহলে এটা সম্ভব এবং আমরা হিসাব করেও দেখেছি যে বিমানের টিকিটের দাম কমানো সম্ভব। আপনাদের হাতের নাগালের মধ্যেই বিমানের টিকিটের দাম থাকবে ইনশাআল্লাহ। শুক্রবার দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিমিয় সভায় এসব কথা বলেন তিনি। রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমাদের অনেকগুলো বিমানবন্দর ইতিমধ্যে বন্ধ রয়েছে। বিগত সরকার এগুলো বন্ধ করে দিয়েছে নানা কারণে। ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া এগুলো চালু এয়ারপোর্ট ছিল। এগুলোকে বন্ধ করা হয়েছে। এই বিমানবন্দরগুলোকে পুনরায় চালু করবো আমরা। তারপর পরিকল্পনা হাতে নেয়া হবে। যদি নতুন কোনো বিমানবন্দর হয় ময়মনসিংহে হবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবাদিক নাদিম হত্যা মামলাটি স্থবির হয়ে পড়েছে বলে জানিয়ে সেই হত্যা মামলাটিতে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন প্রতিমন্ত্রী মিল্লাত। এছাড়াও জেলার নানা সমস্যার সমাধান ও সম্ভাবনার দিকগুলো নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এম রশিদুজ্জামান মিল্লাত। সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মো. ইউসুফ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন