সীতাকুণ্ড উপজেলার সমুদ্র উপকূলে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে যৌথ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে প্রশাসন। এসময় বিভিন্ন অপরাধে জড়িতদের কাছ থেকে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গত বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উপজেলার কুমিরা, বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড ও গুলিয়াখালীসহ বিভিন্ন সমুদ্র তীরবর্তী এলাকায় প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানকালে সমুদ্রে অবৈধভাবে বালু উত্তোলন ও উত্তোলিত বালু পরিবহনের দায়ে ১৩ জনকে আটক করা হয়। পাশাপাশি বিভিন্ন ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে এমবি রাকিব-১, এমবি নাহিদ লাবিব ড্রেজার (মেসার্স মিঞা খান এন্টারপ্রাইজ), মেসার্স এম আর ট্রেডার্স, এমবি আফরামুন্সী, এমবি ফাইজা অ্যান্ড মাইশা ট্রান্সপোর্ট, ‘ইয়া আল্লাহ’ ড্রেজার, মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজ, একরাম জুনায়েদ, এমবি মক্কা মদিনা ও ফারিয়া ঈসা বাল্কহেডকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। প্রশাসন জানায়, ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কারাদণ্ডসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ইজারার শর্ত ভঙ্গের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ইজারা বাতিলের উদ্যোগ নেয়া হবে।
সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনবিরোধী যৌথ অভিযান, আটক ১৩
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
