চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের গার্ডের দোকান থেকে নতুনবাজার সড়ক প্রস্তুতকরণ কাজে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের বাধায় নির্মাণকাজ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবসার চৌধুরী। তিনি বলেন, নিম্নমানের ইট-খোয়া ব্যবহার করায় আপাতত কাজ বন্ধ করে দেয়া হয়েছে। সড়কে নিম্নমানের ইট-খোয়াগুলো অপসারণ করে ভালোমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা এলজিইডি’র কার্যালয় থেকে জানা গেছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা এবং খাগড়াছড়ির রামগড় উপজেলার সংযোগ সড়কটি বাগানবাজার ইউনিয়নের গার্ডের দোকান হতে নতুনবাজার সড়কের প্রস্তুতকরণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ফরমান টেক কর্পোরেশন’। যার দৈর্ঘ্য ৩ হাজার ১শ’ মিটার ও প্রস্ত ১৬ ফুট। নির্মাণকাজের চুক্তিমূল্য ৩ কোটি ৮১ লাখ টাকা। সরজমিন দেখা যায়, সড়ক প্রস্তুতকরণ কাজের জন্য রাস্তার এক পাশে স্তূপ করে রাখা হয়েছে ইটের খোয়া। তবে ব্যবহৃত খোয়াগুলোর মান নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। অনেক খোয়া ভাঙা ও নরম প্রকৃতির হওয়ায় সেগুলোকে নিম্নমানের বলে দাবি করেন এলাকাবাসী। কাজের স্থানে শ্রমিকদের দেখা যায়, খোয়াগুলোতে পানি ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা চলছে। এতে সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান জানান, আমরা দেখেছি অনেক খোয়া হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এমন উপকরণ দিয়ে রাস্তা করলে বর্ষাকালে কাদা আর গর্তে ভরে যাবে। সরকারের এত টাকা খরচ হচ্ছে, কিন্তু কাজ যদি ভালো না হয় তাহলে লাভ কী। সাবেক ইউপি সদস্য পেয়ার আহমেদ বলেন, ৩ কোটি ৮১ লাখ টাকার প্রকল্প-এত বড় বাজেটের কাজে নিম্নমানের ইট-খোয়া ব্যবহার কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা কাজ বন্ধ করিনি, শুধু মান ঠিক রেখে কাজ করার দাবি জানিয়েছি। সঠিক মান বজায় থাকলে আমরা সহযোগিতা করবো। তবে ঠিকাদার আরিফুল ইসলাম আরিফের বলেন, ইটভাটা কর্তৃপক্ষকে এক নম্বর ইটের জন্য টাকা দিয়েছে, ইটভাটা মালিকের সঙ্গে কথা বলে ইট খারাপ হলে সেগুলো সরিয়ে নেয়া হবে। স্থানীয়দের বাধা দেয়ায় কাজ বন্ধ রেখেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ইতিমধ্যে ঠিকাদারকে নিম্নমানের ইটগুলো অপসারণ করতে বলে দেয়া হয়েছে। সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই।
ফটিকছড়িতে সংযোগ সড়কে নিম্নমানের খোয়া
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
