ভাটারায় গ্যাস বিস্ফোরণে মামা-ভাগনির মৃত্যু

ফন্ট সাইজ:

রাজধানীর ভাটারায় গ্যাসলাইনের লিকেজ বিস্ফোরণে দগ্ধ মামা ও ভাগনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৬ ঘণ্টার ব্যবধানে মারা যান তারা। এ ঘটনায় দগ্ধ হয়ে পরিবারের আরও এক সদস্য আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতরা হলেন- মো. শাহীন (২৪) ও তার ভাগনি হাফসা (৮)। বৃহস্পতিবার রাত ১২টার দিকে শিশু হাফসা এবং শুক্রবার সকাল ৬টার দিকে শাহীনের মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার ভোরের দিকে রাজধানীর ভাটারার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ হওয়ার পর পরই তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম জানান, নিহত শাহীন পেশায় একটি দোকানের কর্মচারী ছিলেন। পরিবার নিয়ে নতুন বাজার ১০০ ফিট রোড এলাকার একটি ভবনের নিচতলায় থাকতেন তিনি। মঙ্গলবার ভোরের দিকে বিকট শব্দে গ্যাসলাইনের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়।

পরে দগ্ধ অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকা থেকে দগ্ধ হয়ে তিনজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে শাহীন সকাল ৬টায় আইসিইউতে মারা যান। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে তার ভাগনি হাফসা গত রাত ১২টার দিকে আইসিইউতে মারা যায়, তার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল। তিনি আরও জানান, এ ঘটনায় দগ্ধ শাহীনের স্ত্রী ফাহিমা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন