ময়মনসিংহের গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়নের পাঁচপাড়া কান্দার গ্রামে রাস্তার পাশের ফসলি জমি খুঁড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। একটি নির্মাণাধীন ব্রিজের কাজের জন্য ঠিকাদার স্থানীয় জমি থেকে বালু তুলে বিক্রি ও ব্যবহার করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এতে আশপাশের আবাদি জমি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
সরজমিন দেখা যায়, পাঁচপাড়া কান্দার গ্রামে রাস্তার পাশে একটি ব্রিজের নির্মাণ কাজ চলছে। নিয়ম অনুযায়ী ব্রিজের কাজে নির্ধারিত স্থান থেকে মাটি বা বালু সংগ্রহ করার কথা থাকলেও ঠিকাদার রাস্তার পাশের ফসলি জমিতে বড় বড় গর্ত করে বালু উত্তোলন করছেন। ফলে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী জমিগুলো ঝুঁকির মুখে পড়েছে। জমির মালিক স্থানীয় মো. আসাদ মিয়া বলেন, আমার জমি থেকে আমি টাকার বিনিময়ে বালু বিক্রি করছি। তবে স্থানীয়দের দাবি, আর্থিক লাভের আশায় ঠিকাদারের সঙ্গে যোগসাজশে এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি এবং কৃষিজমি বিনষ্ট হচ্ছে।
এ বিষয়ে ঠিকাদার সাইফুল ইসলাম বলেন, লোকাল মাটি দেয়ার নিয়ম। আমি যা পাচ্ছি তাই দিচ্ছি। জমির মালিকের কাছ থেকে বালু-মাটি কিনে নিচ্ছি। স্থানীয় ইউপি সদস্য মো. সবুর মিয়া জানান, আমি বালু উত্তোলনের জন্য না করেছিলাম। কিন্তু আমার কথা শোনেনি। এতে আশপাশের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তাই মন্তব্য করতে পারছি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, বিষয়টি জানার পর এসিল্যান্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷
গৌরীপুরে ফসলি জমি খুঁড়ে বালু উত্তোলন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলারজমিন
৩ মাস আগে
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬, ৩ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
