সীতাকুণ্ডে জগন্নাথ আশ্রমে চুরি, কমিটির সদস্যদের ওপর হামলার অভিযোগ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার শ্রী শ্রী জগন্নাথ আশ্রমে চুরি, ভাঙচুর এবং মন্দির পরিচালনা কমিটির সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বর্তমান পরিচালনা কমিটির দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। মন্দির পরিচালনা কমিটির অভিযোগ, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা আশ্রমের অফিসে ঢুকে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। পরে আলমারি থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র, বিভিন্ন মালামাল এবং ড্রয়ারে থাকা নগদ টাকা নিয়ে যায়। তাদের দাবি, শুক্রবার বিকালে একদল ব্যক্তি মন্দিরে প্রবেশ করে পরিচালনা কমিটির সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলের ছবি তুলতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়ারও চেষ্টা করা হয়।

বর্তমান পরিচালনা কমিটির নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা পূর্ববর্তী কমিটির আর্থিক হিসাব-নিকাশ নিয়ে বিরোধের জেরে বহিষ্কৃত পক্ষের লোকজন এ হামলা ও চুরির ঘটনা ঘটিয়েছে। এরআগে, ওই দুই সেবকের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান তারা। অভিযোগের বিষয়ে পূর্ববর্তী কমিটির বহিষ্কৃত দুই সেবকের বক্তব্য জানতে চাইলে তারা বলেন, বর্তমান পরিচালনা কমিটির কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। তবে হামলা ও চুরির অভিযোগের বিষয়ে তারা কোনো সম্পৃক্ততার কথা স্বীকার করেননি।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বর্তমান পরিচালনা কমিটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি মনোজ কুমার নাথ, সাধারণ সম্পাদক পাবন কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক সবুজ মল্লিক, অর্থ সম্পাদক মোহন পাল এবং উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন