দুই মাসের সফরে আমেরিকার উদ্দেশ্যে দুইদিন আগেই দেশ ছেড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। নিজের গানের দল আই কিংস নিয়ে এবারের যুক্তরাষ্ট্র সফরে গেছেন তিনি। ১লা আগস্ট থেকে নিউ জার্সিতে কনসার্ট শুরু করবেন এ গায়ক। মোট ১৬টি স্টেটে দুই মাসব্যাপী কনসার্টে অংশ নেবেন তিনি। এর মাধ্যমে দীর্ঘ সময় পর যুক্তরাষ্ট্র্রে পাড়ি দিলেন এ গায়ক। সফরটির আগেই বেশ কিছু সিনেমা, নাটক ও অডিও রেকর্ডিংয়ে সময় দিয়েছেন ইমরান।
এবারের সফর নিয়ে ইমরান বলেন, এবার লম্বা সফরে এসেছি। অবশ্য যুক্তরাষ্ট্র এলে লম্বা সফরেই আসা হয়। দেশি মিউজিক এন্টারটেইনমেন্টের আয়োজনে ১৬টি স্টেটে আমরা কনসার্ট করবো। আমি জানি যুক্তরাষ্ট্রে আমার অনেক ভক্ত-শ্রোতা রয়েছেন এবং তারা গানপাগল। আমাকে প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে তারা ভালোবাসার কথা জানান।
এবার অনেকটা সময় পর সুযোগ হলো তাদের সরাসরি গান শোনানোর। আমার বিশ্বাস, খুব সুন্দর একটি অনুষ্ঠান হতে চলেছে। এদিকে, কনসার্টে যাওয়ার আগে নিজের টিম আই কিংসের সঙ্গে নিয়মিত প্র্যাকটিসে সময় দিয়েছেন ইমরান। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ নাটকে। দ্বৈত এ গানে তার সঙ্গে গেয়েছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এর বাইরে নাটকের আরও একাধিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান। পাশাপাশি একাধিক নতুন সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন এ তারকা। দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে ফের নতুন গান রেকর্ডিংয়ে মনোযোগী হবেন বলে জানান ইমরান।
