ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’, ‘বরবাদ’ ও দেবের ‘খাদান’ ছবিতে অভিনয়ের পর এবার একেবারে ভিন্ন রূপে দর্শকের সামনে হাজির হচ্ছেন টালিউড অভিনেত্রী ইধিকা পাল। রোমান্টিক নায়িকার গণ্ডি পেরিয়ে এবার তাকে দেখা যাবে ক্রিকেটারের চরিত্রে। সাদা জার্সি, মাথায় হেলমেট, পায়ে প্যাড ও স্নিকার্স পরে ব্যাট হাতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর তাকে ক্রিকেটের খুঁটিনাটি শেখাচ্ছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এ পরিচালকের নতুন গোয়েন্দাভিত্তিক চলচ্চিত্র ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ অভিনয় করছেন ইধিকা। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। নতুন কাজের কথা জানিয়ে সামাজিক মাধ্যমে সৃজিতের সঙ্গে একটি ছবি শেয়ার করে ইধিকা লিখেছেন, যাত্রা শুরু। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবির।
লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’কে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। ‘কালাপানির দিশা’ গল্প অবলম্বনে এর চিত্রনাট্য সাজিয়েছেন সৃজিত। ছবিতে গোয়েন্দা কানাইচরণের ভূমিকায় অভিনয় করছেন টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। গোয়েন্দা ও রহস্যধর্মী গল্প নির্মাণে সৃজিতের আলাদা সুনাম রয়েছে। বাইশে শ্রাবণ, চতুষ্কোণ ও দশম অবতারের মতো আলোচিত থ্রিলারের পর এবার ‘গোয়েন্দা কানাইচরণ’ নিয়ে নতুন চমক দেখাতে চলেছেন তিনি। গত শুক্রবার পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেয়া হয়েছে। ক্যামেলিয়া প্রোডাকশনস প্রযোজিত এই সিনেমায় সম্পূর্ণ নতুন অবতারে ইধিকা পালকে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।
