প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলমান ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক আবেগঘন পোস্টে আলিয়া আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস, দৃঢ়তা এবং স্বচ্ছ ও ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থার দাবিকে প্রশংসা করেছেন।
পোস্টে আলিয়া লিখেন, গত কয়েকটি দিন আমার হৃদয় ভেঙেছে, আবার আশাও জুগিয়েছে। তিনি বলেন, নিজেদের অবস্থানে অনড় প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প। তারা শুধু নিজেদের প্রতিনিধিত্ব করছে না, বরং তাদের পাশে থাকা সব মানুষকে প্রতিনিধিত্ব করছে। একই সঙ্গে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো একটি পথ তৈরি করছে।
আলিয়ার মতে, জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা।
তিনি আরও লিখেন, তাদের সাহস আমাকে বিনম্র করে। তাদের দৃঢ়তা আমাদের সামনে একটি প্রশ্ন তুলে ধরে- যারা আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি? শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারাই এই আন্দোলন। ভবিষ্যৎ তাদেরই।
এই আন্দোলনের প্রতি সুপারস্টার সালমান খানের সমর্থন জানানোর একদিন পর আলিয়া ভাটও বিক্ষোভকারীদের প্রতি তার স্থান স্পষ্ট করলেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক দীর্ঘ পোস্টে সালমান বলেন, এটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ একটি আন্দোলন। এটি সহিংসতায় রূপ নেয়ায় আমি গভীরভাবে দুঃখিত। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা। দেশের শিক্ষার্থীরা একটি উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে যেভাবে একত্রিত হয়েছে এবং তাদের অভিভাবকেরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা দেখে ভালো লেগেছে।
তিনি আরও বলেন, কঠোর পরিশ্রম করে নিজেদের ভবিষ্যৎ এবং একটি শিক্ষিত ভারত গড়ার লক্ষ্যে তারা যে নিষ্ঠা, আন্তরিকতা ও আগ্রহ দেখিয়েছে, আমি তার প্রশংসা করি। এই আন্দোলন সঠিক পথে এগোচ্ছে এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই তাদের দাবি তুলে ধরেছে। তাদের সাহস ও দৃঢ়তা প্রশংসার যোগ্য। শিক্ষা নিয়ে এই প্রজন্মের যে অঙ্গীকার, তা একদিন ভারতকে গর্বিত করবে।
দেশটিতে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি ইতোমধ্যে বলিউডের আরও কয়েকজন তারকাও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আর. মাধবন, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, ইমরান খান, অভয় দেওল, সোনাক্ষী সিনহা, হৃতিক রোশন এবং রিতেশ দেশমুখ।
তারা শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে ন্যায়সঙ্গত ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছেন।
