ঢাকায় পৌঁছেছেন আতিফ

ঢাকায় পৌঁছেছেন আতিফ

ফন্ট সাইজ:

পাকিস্তানের জনপ্রিয় সংগীত শিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্ট ঘিরে কম বিতর্ক হয়নি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় এসে পৌঁছেছেন এই সংগীতশিল্পী। বুধবার দিবাগত রাতে পাকিস্তান থেকে ঢাকায় নামেন এই গায়ক। তার আগমনের মধ্য দিয়েই অবসান ঘটল ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার।

আগামীকাল রাজধানীর ৩০০ ফিটের মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। সম্প্রতি সামাজিক মাধ্যমে কনসার্টটি বাতিল হওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে আয়োজক প্রতিষ্ঠান থেকে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই মঞ্চে উঠবেন আতিফ আসলাম।

আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে কনসার্টটি এ বছরের অন্যতম বড় সংগীত আয়োজন হিসেবে পরিণত হবে। নিজস্ব সিগনেচার স্টাইল এবং বলিউডের অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে উপমহাদেশজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আতিফ আসলাম। পাকিস্তান ও ভারতের পাশাপাশি বাংলাদেশেও রয়েছে তার বিশাল ভক্তকুল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন