ক’দিন ধরে আলোচনার কেন্দ্রে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘কিং’। এই ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখতে চলেছেন শাহরুখকন্যা সুহানা খান। ভারতের বিভিন্ন প্রান্তে চলছে ছবিটির শুটিং। বাবা-মেয়েকে একফ্রেমে দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন ভক্তরা। ছবির শেষ অংশের শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।
নতুন খবর, আগস্টেই শুরু হতে পারে ছবির শেষাংশের শুটিং। তবে কোথায় শুটিং হবে- এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, আমেরিকায় কিছু অংশের শুট হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন স্পট ঘুরে দেখছে বিশেষ টিম। ফলে এই মুহূর্তে জোর প্রস্তুতি চলছে তাদের। প্রকাশ্যে এসেছে ছবিতে শাহরুখের নতুন লুক। অন্য ছবির তুলনায় একেবারে ভিন্ন রূপে দেখা যাচ্ছে বাদশাকে। তবে এখনো সুহানার লুক সামনে আসেনি। সুহানা এর আগে ওয়েব ফিল্মে অভিনয় করলেও, বাবার সঙ্গে জুটি বাঁধতে আরও বেশি করে প্রস্তুতি নিয়েছেন।
বেশ কিছু দৃশ্যের জন্য বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন তিনি। সবমিলিয়ে শুটিং শেষে ছবিটি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন সুহানা খান। তিনি বলেন, এটি আমার ক্যারিয়ারের একটি মাইলফলক হতে চলেছে। আর অপেক্ষা সইছে না। তবে সবুরের ফল মিষ্টি হয়!
