অপরাধস্থল থেকে আলামত সংগ্রহ, সংরক্ষণ ও বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে শুরু করে আদালতে তা উপস্থাপন পর্যন্ত তদন্তের বিভিন্ন ধাপে আধুনিক ফরেনসিক পদ্ধতির ব্যবহার নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির (আইএফএসসিএস) উদ্যোগে পাঁচ দিনব্যাপী এ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
‘অ্যাপ্লিকেশন অব ফরেনসিক সায়েন্স ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশনস: ফ্রম ক্রাইম সিন টু দ্য কোর্টরুম’ শীর্ষক এ প্রশিক্ষণে পিবিআইয়ের ৩০ কর্মকর্তা অংশ নিচ্ছেন। রোববার রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১লা অক্টোবর পর্যন্ত চলবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী পিবিআই কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, একটি মামলার তদন্তে ছোট একটি আলামতও গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে। তাই অপরাধস্থল থেকে আলামত সংগ্রহ, সংরক্ষণ, পরীক্ষাগারে পাঠানো, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং আদালতে উপস্থাপনের প্রতিটি ধাপে সতর্কতা ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা জরুরি।
তিনি বলেন, অপরাধের ধরন পরিবর্তনের পাশাপাশি অপরাধ সংঘটন ও তদন্তে প্রযুক্তির ব্যবহারও বাড়ছে। ফলে প্রচলিত তদন্ত পদ্ধতির পাশাপাশি ফরেনসিক বিজ্ঞান, ডিজিটাল ফরেনসিক, ডিএনএ বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তিকে আরও কার্যকরভাবে তদন্তপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে হবে।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অপরাধস্থল ব্যবস্থাপনা, শারীরিক ও জৈবিক আলামত সংগ্রহ, সংরক্ষণ ও প্যাকেজিং, চেইন অব কাস্টডি, পরীক্ষাগারে আলামত পাঠানো ও ট্র্যাকিং, ফরেনসিক ডিএনএ, ফরেনসিক প্যাথলজি ও টক্সিকোলজি, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের সীমাবদ্ধতা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্রমাণ ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে।
এ ছাড়া ‘ফরেনসিক ফাইন্ডিং থেকে জুডিশিয়াল ফাইন্ডিং’, ‘অপরাধ তদন্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’, ‘ফরেনসিক রিপোর্ট ও বিশেষজ্ঞ সাক্ষ্য’, ‘ফরেনসিক প্রমাণের সীমাবদ্ধতা’ এবং ‘পুলিশি জিজ্ঞাসাবাদ ও মানবাধিকার’সহ বিভিন্ন বিষয়ে মোট ২৪টি সেশন অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়, পিবিআই, সিআইডি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা রিসোর্স পারসন হিসেবে অংশ নিচ্ছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের স্কুল অব ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিসের ফরেনসিক স্টাডিজের সিনিয়র লেকচারার ড. হেলেন আরওয়াকারও অনলাইনে একটি সেশনে প্রশিক্ষণ দেবেন।
অপরাধস্থল থেকে আদালত
পিবিআই কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
স্টাফ রিপোর্টার
অনলাইন
৪৪ মিনিট আগে
২৭ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ৮ঃ০৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
